বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে উদ্বেগ কেটে যাচ্ছে: ইফতেখার
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বহির্বিশ্বে যে উদ্বেগ ছিল তা কেটে যাচ্ছে বলে মনে করেন সদ্য নিযুক্ত উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী।
বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন,“বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বহির্বিশ্বে উদ্বেগ ছিল। কিন্তু গত কয়েক দিনের ঘটনাগুলোকে বেশ ইতিবাচকভাবে নিয়েছে আর্ন্তজাতিক সম্প্রদায়।”
তিনি বলেন, “আমার দায়িত্ব বিশ্বের কাছে দেশের সঠিক ভাবমূর্তি তুলে ধরা। আগামী মাসগুলোতে কিভাবে পরারাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের কূটনৈতিক সম্পর্ক জোরদার করা যায়, সেদিকে সচেষ্ট হওয়া। আগামীতে আমাদের যেসব সম্মেলন ও শীর্ষ বৈঠক রয়েছে, সেগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ কি হবে সেটা ঠিক করা।”
বাংলাদেশে বিদেশী কূটনৈতিকদের তৎপরতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “একটি অন্যতম বহুত্ববাদী সমাজ হিসেবে বিশ্বে আমাদের পরিচিতি রয়েছে। আমরা সব বন্ধুরা মিলে কাজ করতে পারি। আমাদের ব্যাপারে কারও কিছু বলার থাকলে তাদের সেটা বলতে আপত্তি নেই। তবে আমাদের স্বার্থ আমাদের নিজেদেরই রক্ষা করতে হবে। এই জন্য আমাদের সাংবিধানিক দায়িত্ব রয়েছে।”
এনডিআইসহ নির্বাচন পর্যবেক্ষকদের চলে যাওয়া সম্পর্কে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমরা চিন্তা ভাবনা করব, পদক্ষেপ নেবো কীভাবে তাদের ফিরিয়ে আনা যায়।”
ইফতেখার চৌধুরী বলেন, “একটা অবাধ নিরপেক্ষ দেশে বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন যাতে করা যায় তার জন্য সব ধরনের চেষ্টাই আমরা চালাবো।”
জরুরি অবস্থা ঘোষণার আগে জাতিসংঘ মহাসচিব যে বিবৃতি দিয়েছিলেন সেটার পেছনে তার কোনো ভূমিকা ছিল কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই ব্যাপারে জাতিসংঘ মহাসচিবই ভাল বলতে পারবেন।”
