২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেত্রীদের নির্দেশ অমান্য করায় হল থেকে বহিষ্কার

ছাত্রদল নেত্রীদের নির্দেশ অমান্য করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হলের এক আবাসিক ছাত্রীর আবাসিকতা বাতিল করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 08:36 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

হল কর্তৃপক্ষ ওই ছাত্রীকে আগামী ২৭ জানুয়ারির মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, রাবির জেনেটিক্স এন্ড ব্রিডিং বিভাগের তৃতীয় বর্ষ ও মুন্নুজান হলের আবাসিক ছাত্রী উপমা সরকার ৪১১ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। গত ডিসেম্বরের শেষের দিকে হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সুমনা হক ও যুগ্ম-- আহ্বায়ক হাসিনা বরাদ্দ না থাকা সত্ত্বেও ওই কক্ষে এক দলীয় কর্মীকে ওঠায়। উপমা ও তার রুমমেটরা তাদের কক্ষে দলীয় কোন মেয়েকে না দেওয়ার জন্য হল প্রভোস্টের কাছে অনুরোধ জানায়।

ছাত্রদল নেত্রীরা এ ঘটনা জানতে পেরে উপমাকে ওই কক্ষ থেকে বের করে দিতে তৎপরতা শুরু করে। তারা বিএনপিপন্থী হলের আবাসিক শিক্ষক মুস্তাফিজুর রহমান মাসুদকে দিয়ে উপমা সরকারকে গত ২৪ ডিসেম্বর ১৫ দিন হলের টিভি রুম ও ডাইনিং-এ প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপরও উপমা হল ডাইনিংয়ে খাবার খেলে আবাসিক শিক্ষক মাসুদ হল অফিসে উপমাকে ডেকে এনে শাসিয়ে দেন।

অন্যদিকে বহিরাগত (তাপসী রাবেয়া হলে তালিকাভুক্ত) ছাত্রদল নেত্রী সুমনা হকসহ হলের বেশকিছু ছাত্রী উপমার বিরুদ্ধে অশালীন আচরণসহ কয়েক দফা মিথ্যা অভিযোগ এনে তাকে হল থেকে বহিষ্কারের জন্য হল প্রভোস্টের কাছে লিখিত আবেদন করেন।

৯ জানুয়ারি হল কর্তৃপক্ষ উপমাকে কেন হল থেকে বহিষ্কার করা হবে না-- এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়। ১০ জানুয়ারি উপমা শোকজের লিখিত জবাব দিলে ওইদিন রাতে হল কর্তৃপক্ষ এক জরুরি সভায় তাকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। ১১ জানুয়ারি এ সংক্রান্ত একটি চিঠি উপমার বিভাগেও পাঠানো হয়। হল কর্তৃপক্ষ উপমাকে আগামী ২৭ জানুয়ারির মধ্যে হল ছেড়ে দেওয়ার  নির্দেশ দিয়েছেন।

এদিকে রাজশাহীর অন্য কোথাও থাকার ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়েছেন উপমা। এখন তার তৃতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষা চলছে।

উপমা জানান, হলের ছাত্রদল নেত্রীদের নির্দেশ মেনে না চালায় তারা তার বিরুদ্ধে হল প্রভোস্টের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছে।

হলের আবাসিক শিক্ষক মুস্তাফিজুর রহমান মাসুদ কোন দলের সঙ্গেই তিনি সংশি¬ষ্ট নয় দাবি করে বলেন, হল কর্তৃপক্ষের সর্ব সম্মত সিদ্ধান্তেই তাকে বহিষ্কার করা হয়েছে।

হল প্রভোস্ট ড. আইরিন বানু লুচি উপমা সরকারকে হল থেকে বহিষ্কারের সত্যতা স্বীকার করে বলেন, হলের আবাসিক ছাত্রীরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ায় জরুরি মিটিং করে তাকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।