ফেঞ্চুগঞ্জে সার পাচার রোধে বিশেষ নজরদারি, গ্রেপ্তার ৩
সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে সার পাচারের ঘটনা রোধে বুধবার ওই এলাকায় আইন-- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
মঙ্গলবার সার পাচারকালে কারখানার একটি গুদামের সামনে থেকে সার বোঝাই ট্রাকসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়। এ ছাড়া পর্যাপ্ত সার না থাকায় বন্ধ করে দেওয়া হয় অন্য আরেকটি গুদাম। এ ঘটনার পর জেলা প্রশাসক জামাল হোসেন মজুমদারসহ অন্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, কারখানা থেকে গত এক বছর ধরেই ইউরিয়া সার পাচার হচ্ছে। এ পাচার প্রক্রিয়ায় স্থানীয় ডিলারদের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে মঙ্গলবারের ঘটনার পর। ওই দিন ফেঞ্চুগঞ্জের শীর্ষ সার ডিলার লোকমান আহমদের টাইম ট্রেডার্স ৮৪ মেট্রিক টন ইউরিয়া সার গুদাম থেকে উত্তোলন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ আকস্মিক কারখানা পরিদর্শনে গিয়ে দেখতে পান একটি ট্রাকে সার বোঝাই হচ্ছে। এ সার কোথায় যাচ্ছে প্রশ্ন করা হলে ট্রাক চালক ও সংশ্লি¬ষ্টরা জানান, বিশ্বনাথের সাদিয়া ট্রেডার্সে যাবে। কিন্তু ট্রাকের চালানে লেখা ছিল ছাতকের নাম।
সন্দেহ দেখা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ট্রাকটি আটক করেন। এ ছাড়া টাইম ট্রেডার্সের গুদামে নির্দিষ্ট পরিমাণের চেয়ে সার কম থাকায় এটি সিলগালা করে দেন তিনি। সেইসঙ্গে ট্রাক চালক শামীম মিয়া, হেলপার সোহেল রানা ও ব্যবসায়ী শংকর সাহাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা টাইম ট্রেডার্সের গুদাম পরিদর্শনে গিয়ে জানতে পারেন গুদামে ১ হাজার ৪০০ বস্তা ইউরিয়া সারই নেই।
এ ব্যাপারে ডিলার লোকমান আহমদও কোন সদুত্তর দিতে পারেননি।
বুধবার ফেঞ্চুগঞ্জ থানায় এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত চলছে। সার পাচারের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছেন বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সার পাচারের বিষয়টি স্থানীয় পুলিশ, র্যাবসহ আইন---শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তারা এদিকে নজর রাখছে।
