২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় র‌্যাবের 'ক্রসফায়ারে' চরমপন্থি নেতা নিহত

জেলার দৌলতপুর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ‘ক্রসফায়ারে’ মঙ্গলবার রাতে নিষিদ্ধ চরমপন্থি দলের নেতা রব্বুল মালিথা নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 07:35 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

তিনি চরমপন্থি দল লালচাঁদ বাহিনীর থার্ড--ইন--কমান্ড ছিলেন বলে জানা গেছে।

র‌্যাব--১২ কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট ফয়সাল জানান, মঙ্গলবার সকালে রব্বুলকে দৌলতপুরের সিরাজনগর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাবের একটি দল রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়। বিজয়নগর গ্রামের আব্দুর রহমানের কাঁঠাল বাগানের কাছে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে। র‌্যাব সদস্যরাও পাল্টা জবাব দেয়।

বন্দুকযুদ্ধের এক পর্যায়ে র‌্যাব হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ‘ক্রসফায়ারে’ পড়ে রব্বুল গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

রব্বুল সিরাজনগর গ্রামের মৃত কফিল উদ্দিন মালিথার ছেলে।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি দেশি একনলা বন্দুক ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করেছে।

র‌্যাবের দাবি, নিহত রব্বুলের বিরুদ্ধে তিনটি হত্যা ও অস্ত্রসহ আধা ডজন মামলা রয়েছে।