২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দমনে মাঠে নেমে পড়েছেন উপদেষ্টারা

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার। দুর্নীতি দমনের জন্য এর মধ্যেই মাঠে নেমে পড়েছেন উপদেষ্টারা। নিজ দপ্তরে সাংবাদিকদের একথা জানালেন উপদেষ্টা তপন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 03:51 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইন ও সরকারের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা হবে বলে জানান পেশায় ব্যবসায়ী এ উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ দীপু ও এহসানুল হক বাবু। 

জরুরি অবস্থা জারির অধ্যাদেশ সংশোধন করা হবে বলে জানান তপন চৌধুরী। তিনি বলেন, জনগণের ভোগান্তি দূর করার জন্য দু’একটি বিষয় সংশোধন করা হবে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তপন চৌধুরী। বৈঠকে ভোটার পরিচয়পত্র এবং সাম্প্রতিক পরিস্থিতিসহ অন্যান্য বিষয় আলোচনা করা হবে জানান তিনি।

ভোটার পরিচয়পত্র তৈরি করেই নির্বাচন সম্পন্ন করা উচিত বলে মনে করেন তপন চৌধুরী।

এ অল্প সময়ের মধ্যে ভোটার পরিচয়পত্র তৈরির জন্য বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা শুরু হয়েছে বলে জানান তপন। তিনি বলেন, “আমি নিজে চীনের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রনালয়ের সাথেও আমার কথা হয়েছে।”

তপন চৌধুরী বলেন,“দুর্নীতিবাজরা মনে করেন অপরাধ করলে কিছু হয় না। দুই একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেই অন্যরা সাবধানী হবে। তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির বিরুদ্ধে মাঠে নেমেছে।”

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তপন চৌধুরী তাকে দেওয়া চার মন্ত্রণালয়ের প্রসঙ্গ টেনে বলেন, “আমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রনালয়গুলোতে কাজের এবং টাকার পরিমান দুটোই অনেক বেশী। এখানেও দুর্নীতি হতে পারে।”

তিনি বলেন, “ইতিমধ্যেই মন্ত্রনালয় দুর্নীতির বিষয়গুলো তলিয়ে দেখার চেষ্টা করছে। দুর্নীতিবাজ হিসেবে যারা চিহ্নিত হয়েছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

তপন চৌধুরী আরও বলেন, “নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত যে দুর্নীতি রয়েছে তা নির্বাচন কমিশনের মাধ্যমেই রোধ করার চেষ্টা করা হবে।” তিনি অবশ্য মনে করেন নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিলে তাদের পক্ষে দুর্নীতি রোধ করা সম্ভব।

অবাধ নির্বাচনের স্বার্থে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে বলে মনে করেন তপন চৌধুরী। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো কোনো বিষয়ে একমত হতে পারে না। নির্বাচনকে সামনে রেখেই তাদের এক মঞ্চে আসতে হবে।” এ বিষয়ে দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানান তিনি।

বিদ্যুৎ সংকটের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তপন চৌধুরী বলেন, “ইরি, বোরো মৌসুমে বিদ্যুৎ সমস্যা প্রকট আকার ধারণ করবে। তবে আমরা বিদ্যুৎ ঘাটতি কমিয়ে আনার জন্য বিভিন্ন ক্ষেত্রে কথা বলবো।”

সাবেক সরকারের কিছু বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তপন চৌধুরী এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।