তেঁতুলিয়া সীমান্তে আবারো বিএসএফের গুলিবর্ষণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাঝিপাড়া সীমান্তে বাংলাদেশের গ্রাম লক্ষ করে শনিবার গভীর রাতে বিএসএফ আবারো গুলিবর্ষণ করে। বিডিআর সদস্যরাও পাল্টা গুলি চালায়।
তবে এতে কেউ হতাহত হয়নি। আগের দিন শুক্রবার একই সীমান্তে বিএসএফের গুলিতে স্কুলছাত্রসহ দুই বাংলাদেশী নিহত হয়।
রোববার সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শাহেদুল হক শাহেদ ও উপ-অধিনায়ক মেজর শেখ ফরিদসহ বিডিআরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছিলেন।
বিডিআর ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, ভারতের নয়াবাড়ি ও পুকরানি বিএসএফ ফাঁড়ির সদস্যরা বাংলাদেশী পেদিয়াগছ গ্রাম লক্ষ করে গভীর রাতে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে। বিডিআরের মাঝিপাড়া ফাঁড়ির সদস্যরাও পাল্টা গুলি চালায়। কমপক্ষে দুইশতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়।
গুলির শব্দে গ্রামবাসীরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকে। স্কুলের মাঠে ও নিচুস্থানে এবং বড় বড় গর্ত করে তাতে নির্ঘুম রাত কাটান। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় রোববার সকাল সীমান্তের পেদিয়াগছ, খুটাগছসহ আশপাশের গ্রামগুলোর নারী ও শিশুসহ বেশিরভাগ লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ দুরত্বে সরে গেছেন।
পেদিয়াগছ গ্রামের ওয়াছকুরুনী বলেন আবার গোলাগুলি হতে পারে তাই পরিবার নিয়ে শালবাহানে আত্মীয়ের বাড়িতে যাচ্ছি। একই গ্রামের নায়েব আলী ও জালাল জানান, রাতে গোলাগুলির সময় বিডিআর তাদের নিরাপদ স্থানে সরে যেতে বলে। তারা রাতে পরিবার পরিজন নিয়ে পেদিয়াগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গর্ত করে রাত কাটান। রুহুল আমিন জানান, রাতে বিদ্যালয়ে আশ্রয় নিলেও রোববার সকালে স্ত্রী ও দুই সন্তানকে আজিজনগরে শশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।
সরেজমিন ঘুরে জানা গেছে, বিএসএফ সীমান্তে বাংকার খনন করে ভারি অস্ত্র¿ নিয়ে অবস্থান করছে। কাঁটাতারের বেড়াসংলগ্ন সার্চলাইটগুলোও বিএসএফ দিনভর জ্বালিয়ে রেখেছে।
২৫ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শাহেদুল হক শাহেদ গুলিবিনিময়ের সত্যতা স্বীকার করে বলেন, “পরিস্থিতি মোকাবেলায় বিডিআর সতর্কাবস্থায় রয়েছে।” লোকজন আতঙ্কে নিরাপদ স্থানে চলে যাচ্ছে বলেও তিনি স্বীকার করেন। তিনি বলেন রোববার রাতে বিএসএফ আগে গুলিবর্ষণ করে। বিডিআরও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
উল্লে¬¬¬খ্য, শুক্রবার বিকেলে একই সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত ও ৭ জন আহত হয়। পরদিন শনিবার সকালে তেঁতুলিয়ার সারিয়ালজোত সীমান্তে বিডিআরের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে আর এ রকম ঘটবে না বলে প্রতিশ্র“তি দেয়।
