বরিশালে ইতি হত্যা মামলায় মাসহ ৮ সাক্ষীই বৈরী
বরিশালের মুলাদী উপজেলার দশম শ্রেণীর ছাত্রী পলি নাহার ইতিকে (১৯) পুড়িয়ে মারার মামলাটির বাদী তার মাসহ ৮ সাক্ষীকে রোববার বৈরী ঘোষণা করা হয়েছে। বরিশাল বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ মতিন সত্য ঘটনা লুকানোর অভিযোগে তাদের তিরস্কারও করেছেন।
ইতির মা সাফিয়া বেগম (৪৮) পুরো বিষয়টি রোববার আদালতে এড়িয়ে যান। ফলে চাঞ্চল্যকর এ মামলাটির রায়ে ২০ আসামীর খালাস পাবার সম্ভাবনাসহ মামলাটির অপমৃত্যু হতে পারে বলে ধারণা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
মামলার বিবরণে জানা যায়, মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের তোরচর গ্রামের ইতিকে ২০০৪ সালের ২৬ জুন গভীর রাতে মায়ের সামনে গায়ে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ইতির মা সাফিয়া বেগম ওই দিন সকালে মুলাদী থানায় ২২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ২৭ জুন শেরে বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ‘মৃত্যুকালীন জবানবন্দি’ দেন ইতি। জবানবন্দিতে তাকে যারা আগুন দিয়ে পুড়িয়ে দেয় তাদের বর্ণনা সহ প্রত্যক্ষদর্শী হিসেবে মা পাশে ছিল বলে জানায় ইতি। প্রথম শ্রেণীর ম্যাজিষ্টেট মোহম্মদ ইব্রাহীম ১৬৪ ধারার জবানবন্দি লিপিবদ্ধ করেন।
পরের দিন ঢাকা মেডিকেলে ইতির মৃত্যু ঘটে।
কিন্তু সেই মামলার বাদী ইতির মাসহ সাক্ষীরা রোববার পুরো বিষয়টি এড়িয়ে গেছেন। বরিশাল বিভাগীয় মহিলা আইনজীবী সমিতি ‘উল্টো সাক্ষ্য’ দেওয়ার কারণে বিচারকের কাছে তাদের শাস্তি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
