২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অপহৃত যুবক ঝিনাইদহ থেকে উদ্ধার

মুক্তিপণের জন্য ঢাকায় অপহৃত হাজারীবাগের ব্যবসায়ী নুরুল আমিনের ছেলে খোরশেদ আলম (২৫) কে শৈলকূপার বকশীপুর গ্রাম থেকে শনিবার সন্ধ্যায় উদ্ধার করেছে র‌্যাব।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

র‌্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক জানান, গত ৩ জানুয়ারি ঢাকার গাবতলী থেকে খোরশেদ আলমকে অপহরণ করে শৈলকূপার বকশীপুর গ্রামে আব্দুর রশিদের বাড়িতে আটক রাখে।

অপহরণকারীরা মোবাইল ফোনে তার অভিভাবকদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তার আত্মীয়-স্বজনরা এক লাখ ১৫ হাজার টাকা দিতে রাজী হয়ে বিষয়টি কুষ্টিয়া র‌্যাবকে জানায়।

কুষ্টিয়া র‌্যাবের একটি ছোট দল অপহৃতের আত্মীয়-স্বজনসহ ছদ্মবেশে ওই গ্রামে যায় এবং টাকা পয়সা লেনদেনের ভান করে তাকে উদ্ধার করে।

অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য র‌্যাব রশেিদর বাড়ি ঘিরে ফেলে। তারা পালাতে চেষ্টা করলে ধস্তাধস্তির সময় এক র‌্যাব সদস্য মাটিতে পড়ে যায়। এ সুযোগে সন্ত্রাসীরা তার কাছ থেকে পিস্তলটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালায়।

র‌্যাব ঘটনাস্থল থেকে আমিরুল নামে এক সন্ত্রাসী ও বাড়িওয়ালা রশিদের স্ত্রীকে গ্রেপ্তার করে।