১৭ জানুয়ারির পর চট্টগ্রামে রাষ্ট্রপতির আদেশ খাটবে না : মেয়র মহিউদ্দিন
অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমদ ১৭ জানুয়ারির মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ ত্যাগ না করলে রাষ্ট্রপতির আদেশ-নির্দেশ অমান্যে করতে চট্টগ্রামবাসীর প্রতি আহবান জানিয়েছেন নগরীর মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
তিনি ঘোষণা করেছেন “১৭ জানুয়ারির পর চট্টগ্রামে রাষ্ট্রপতির কোনো আদেশ খাটবে না। চট্টগ্রাম থেকে খাদ্যদ্রব্য ও জ্বালানি তেলসহ কোন কিছুই ঢাকায় যাবে না।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার বিকালে নগরীর সিনেমা প্যালেস চত্বরে মহাজোটের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মহাজোটের বিভাগীয় সমন্বয়কারী মহিউদ্দিন চৌধুরী আরো বলেন “আমাদের হাতে বন্দর, তেল, বিদ্যুত ও গ্যাস আছে। প্রয়োজনে এ হাতিয়ার জনস্বার্থে ব্যবহার করা হবে।”
মেয়র অভিযোগ করেন, আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগসহ মহাজোটের নেতা-কর্মীদের হয়রানি করছে।
নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী ও পুলিশের অভিযানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, রাতের অন্ধকারে বিনা কারণে নেতা-কর্মীদের ওপর কোনো বাহিনী হামলা করলে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের ঘেরাও ও আটক করা হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার, মহানগর এল ডি পির আহবায়ক একরামুল করিম, নাগরিক কমিটির মহাসচিব ও সাবেক উপাচার্য ড. আবু ইউসুফ আলম, গণফোরামের এম কফিল উদ্দিন, জাতীয় পার্টি নেতা মাজাহারুল হক শাহ চৌধুরী।
