২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব ও বিমান বাহিনী কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এসআই এবং ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলায় বিমান বাহিনী কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করা হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 10:37 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

র‌্যাবের এসআই মো. মাহবুব আলমের লাশ খিলগাঁও বনশ্রী আবাসিক এলকায় তার ভাড়া বাড়ি থেকে এবং বিমান বাহিনীর লিডিং এয়ারক্রাফট মোহাম্মদ আরিফের (২২) লাশ তার কুর্মিটোলার বাসভবন থেকে উদ্ধার করা হয়।

সূত্র জানায়, র‌্যাবের এসআই মাহবুব আলম খিলগাঁও থানার বনশ্রী আবাসিক এলাকার সি ব্লকের পাঁচ নং সড়কের ১৪ নং বাড়িতে তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সেখান থেকে মঙ্গলবার রাত আড়াইটার দিকে পুলিশ তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

দাম্পত্য কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার রিতা বাদি হয়ে খিলগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআই মাহবুব আলমের মৃত্যুকে অস্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনা তদন্তে র‌্যাব সদর দপ্তরের উপ--পরিচালক মেজর ওয়াছিউল হাসান চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।   

নিহত মাহবুব আলম সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে র‌্যাব সদর দপ্তরে যোগ দেন এবং তাকে নারায়ণগঞ্জে (র‌্যাব--১১) বদলি করা হয়। 

অন্যদিকে বিমান বাহিনীর লিডিং এয়ারক্রাফট মোহাম্মদ আরিফের (২২) গুলিবিদ্ধ লাশ তার কুর্মিটোলার বাসভবন থেকে উদ্ধার করা হয়।

ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ আরিফকে দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  

মোহাম্মদ আরিফ বিমান বাহিনীর সরবরাহ বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার জাবিরকান্দা গ্রামের ফরিদ মির্জার ছেলে।

এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।