২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপুল পরিমাণ বিস্ফোরকসহ ৩ জঙ্গি গ্রেপ্তার

র‌্যাব সদস্যরা বুধবার রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও গ্রেনেড তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 08:33 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

উদ্ধার করা বিস্ফোরক ও সরঞ্জামের মধ্যে রয়েছে ৬৮ প্যাকেট পাওয়ার জেল (প্রতি প্যাকেটে ৫০০ গ্রাম করে), ৪০টি লোহার তৈরি হ্যান্ড গ্রেনেডের কাঠামো, অ্যামোনিয়াম নাইট্রেটের প্যাকেট আটটি (৫০০ গ্রাম করে) এবং মোবাইল ফোন সেট।

সূত্র জানায়, জেএমবি বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার একটি দল মঙ্গলবার রাতে নরসিংদী সদর থানার কান্দাইল গ্রামে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য মো. ইব্রাহীম খলিল উল্লাহ ওরফে সৈকতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বাবার নাম অহিদুজ্জামান।

পরে সৈকতের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার ভোররাতে র‌্যাব সদস্যরা রাজধানীর উত্তর বাড্ডার নূরের চালা এলাকার সুরুজের বাড়িতে অভিযান চালায়। তারা সেখান থেকে বিস্ফোরক ও গ্রেনেড তৈরির সরঞ্জামসহ জেএমবির সক্রিয় সদস্য হাসান আলী ওরফে হৃদয় (১৭) এবং শোয়েব ওরফে জহিরকে (২৫) আটক করে। এদের মধ্যে হৃদয় টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার ধানগড়া গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে এবং জহির একই উপজেলার বল্লা গ্রামের মৃত নূরুজ্জামানের ছেলে।

এ ব্যাপারে বাড্ডা থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই জুলফিকার বুধবার রাতে নফহবংি২৪.পড়স কে বলেছেন, “আমরা ঘটনাটি শুনেছি এবং সেখানে ফোর্স পাঠানো হয়েছিল। তবে র‌্যাব এখন পর্যন্ত কোন মামলা দায়ের বা আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি।”

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তর বাড্ডা এলাকা থেকে দুই জেএমবি সদস্য এবং নরসিংদী সদর থানার কান্দাইল গ্রামে অভিযান চালিয়ে তিনজন সক্রিয় জেএমবি সদস্যকে গ্রেপ্তারের কথা বলা হয়েছে।