খোলার দিনই সরগরম হয়ে উঠছে সুপ্রিম কোর্ট
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার কথা থাকায় শীতকালীন অবকাশ শেষে বুধবার খোলার দিনই সরগরম হয়ে উঠছে দেশের সর্বোচ্চ আদালত।
বিচার বিভাগ পৃথক্করণ সংক্রান্ত মাযদার হোসেন মামলার রায় বাস্তবায়নের অগ্রগতি জানার জন্য সকালেই আপিল বিভাগে উঠবে বিষয়টি। আসন্ন নির্বাচনে প্রার্থীদের আয়-ব্যয়ের হিসাবসহ আট দফা তথ্য প্রদানের ওপর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য রিটকারীর আবেদনের ওপরও শুনানি অনুষ্ঠিত হবে বুধবার। এ ছাড়াও হাইকোর্ট বিভাগে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনের বৈধতা নিয়ে দায়ের করা রিট মামলা; ড. কামাল হোসেন ও শামীম ওসমানের জামিন আবেদনের ওপর শুনানিও এই অনুষ্ঠিত হবে বুধবার।
গত ২৭ নভেম্বর আপিল বিভাগ বিচার বিভাগ পৃথক্করণের রায় বাস্তবায়নের জন্য সরকারকে ৬ সপ্তাহ সময় দিয়েছিল। ১০ জানুয়ারি রায় বাস্তবায়নের অগ্রগতি জানানোর জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়।
নির্বাচনে প্রার্থীদের আয় ব্যায়ের হিসাবসহ আট দফা তথ্য প্রদান সংক্রান্ত হাইকোর্টের রায়ের ওপর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ আদালত স্থগিতাদেশ দিয়েছিলেন। সেই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদনের ওপরও আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হবে বুধবার।
অন্যদিকে শাড়ির ভাজে প্রায় দুই কোটি টাকা উদ্ধার সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আবেদন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির কথা রয়েছে।
এছাড়া ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বৈধতা নিয়ে রিট, একটি মামলায় আইন সচিবের হাজিরাসহ আরো কিছু বিষয় নিয়েও সুপ্রিম কোর্ট ব্যস্ত থাকবে আজ।
এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বুধবার দেশব্যাপী ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ পালন করবে।
