ডক শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দর সম্পূর্ণ অচল
অবরোধের সমর্থনে ডক শ্রমিকদের আকস্মিক ধর্মঘটে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম বন্দর সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।
মহাজোটের বিভাগীয় সমন্বয়ক ও সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর ডাকে সাড়া দিয়ে আওয়ামী লীগ সমর্থিত ডক বন্দর সিবিএ মঙ্গলবার সকালের পালা থেকে কাজে যোগ না দিলে এ অচলাবস্থার সৃষ্টি হয়। ফলে অবরোধের প্রথম দু’দিন বন্দরের ভিতরে জাহাজে পণ্য ওঠানামার কাজ চললেও তৃতীয় দিন সকাল থেকে তা বন্ধ হয়ে যায়।
ডক শ্রমিক সিবিএর সাধারণ সম্পাদক আব্দুল আহাদ নফহবংি২৪.পড়স -কে জানান, “অবরোধের সমর্থনে আমরা ১২ ঘন্টার জন্য কাজ করা থেকে বিরত থাকব। বিকাল ৪টায় মেয়র নতুন কোনো ঘোষণা দিলে ডক শ্রমিকরা পরবর্তীতে কাজে যোগ দিতে পারেন। তবে তার সম্ভাবনা কম।”
তিনি আরও বলেন, “ডক শ্রমিকরা ‘গ্যাং বুকিং’ না নেওয়ায় তথা কাজে যোগদানে বিরত থাকায় কর্তৃপক্ষ বন্দর শ্রমিক দলকে দিয়ে সকালে কাজ চালুর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন সবকিছুই অচল।”
বন্দরের সহকারী ট্রাফিক ম্যানেজার (জেটি ও ইয়ার্ড) মশিউর রহমান বেগ নফহবংি২৪.পড়স-কে বলেন, “ডক শ্রমিকরা আজ (মঙ্গলবার) সকাল থেকে কাজে যোগ না দেওয়ায় জাহাজ ও ইয়ার্ডে যাবতীয় পণ্য হ্যান্ডলিং কাজ বন্ধ হয়ে গেছে।”
তিনি বলেন, “বর্তমানে ইয়ার্ডগুলোতে ২০ হাজার ৭২০ টিইইউ’স কন্টেইনার স্তুপীকৃত হয়ে আছে। ভেতরে ১০টি কন্টেইনার জাহাজে খালাসের অপেক্ষায় রয়েছে আরো ২২০০ টিইইউ’স। এছাড়া, বহির্নোঙ্গরে ২২টি কন্টেইনার জাহাজ ১১ হাজার ২’শ টিইইউ’স কন্টেইনার নিয়ে জেটিতে ভেড়ার অপেক্ষায় রয়েছে।”
সহকারী ট্রাফিক ম্যানেজার আরো জানান, “সাধারণ পণ্য ও কন্টেইনার নিয়ে মোট ৬৭টি জাহাজ এখন বন্দরের ভিতরে ও বহির্নোঙ্গরে অলস বসে আছে।”
এদিকে, পরিস্থিতির উপর আলোকপাত করতে গিয়ে বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ বলেন, “ডক শ্রমিকদের কাজে যোগ না দেওয়ার বিষয়টি সাময়িক। বিকাল নাগাদ তারা আবার কাজে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।”
এ প্রসঙ্গে তিনি বলেন, আপাতত কাজ বন্ধ থাকলেও সোমবার সেনা পাহারায় ১৭২ টিইইউ’স কন্টেইনার বন্দর থেকে সরবরাহ করা হয়েছে। এক প্রশ্নোত্তরে তিনি বলেন, “এসব কন্টেইনার দিনে কি রাতে সরবরাহ হয়েছে সেটি আমরা বলব না।”
