পাঁচ বছরে মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে ৪২৭০০
বিএনপি জামায়াত জোট সরকারের পাঁচ বছরের শাসনামলে বাংলাদেশে ৪২ হাজার ৬শ’ ৯০ টি মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে।
এর মধ্যে খুন হয়েছেন ৯ হাজার ২শ’ ৭২ টি। ৩ হাজার ২শ’ ৬৯ নারী ও শিশু ধর্ষনের শিকার হয়েছেন। এদের মধ্যে ধর্ষনের পর হত্যা করা হয়েছে ৫শ’ ১৬ জনকে। এছাড়া ৪শ’ ২৫ জন যৌন হয়রানির শিকার হয়েছেন।
ক্রসফায়ারে মৃত্যু হয়েছে ৮ শ’ ৩৯ জনের। বোমা হামলায় ৯৫ জন মারা গেছেন। আহত হয়েছেন ১ হাজার ২ শ’ ১৯ জন।
বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস মনিটরিং সেল ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত দেশে মানবাধিকার লংঘনের এ চিত্র বুধবার তুলে ধরে।
মনিটরিং সেলের সমন্বয়কারী দিলরুবা আফতাভি স্বাক্ষরিত মানবাধিকার লংঘনের এই প্রতিবেদনে আরো বলা হয়, এই পাঁচ বছরে এসিড নিক্ষেপের শিকার হয়েছেন ১ হাজার ১শ’।
যৌতুকের জন্য নির্যাতনে মৃত্যু হয়েছে ৭শ’ ৭৩ জনের। স্বামীর হাতে মারা গেছেন ৮শ’ ৩৯ জন।
রিপোর্টে আরো বলা হয়, আত্মহত্যা করেছেন ২ হাজার ২শ’ ৯ জন। ফতোয়ার শিকার হয়েছেন ১শ’ ৪২ জন। পাচার করা হয়েছে ১ হাজার ৬শ’ ২ নারী ও শিশুকে। ১শ’ ৭২ গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন।
পাঁচ বছরে হত্যা করা হয়েছে ১১ সাংবাদিককে। নির্যাতনের শিকার হয়েছেন ৮শ’ ১৫ সাংবাদিক।
বিভিন্ন সময়ে গণগ্রেফতারের শিকার হয়েছেন মোট ৭ হাজার ৭শ’ ৬৮ জন।
বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে ৪শ’ ৭৯ বাংলাদেশীর, আহত হয়েছেন ৩শ’ ৮১, আটক করা হয়েছে ৪শ’ ৪৯ জনকে। এছাড়া বিএসএফ অপহরণ করেছে ৫শ’ ২৯ বাংলাদেশীকে। আর ধর্ষনের শিকার হয়েছেন ৭ নারী।
