সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদেশী কুটনীতিবিদরা
সরকার ও বিরোধী দলের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতার জন্য সংলাপের উদ্যোগকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিবিদরা স্বাগত জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেছেন, এ সংলাপের মধ্য দিয়েই দেশে একটি সুষ্ঠূ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হবে এবং স্থিতিশীলতা সুনিশ্চিত হবে।
শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এবং বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার মধ্যে টেলিফোন আলাপ এবং আগামী দু’একদিনের মধ্যে আনুষ্ঠানিক সংলাপের বিষয়ে মতৈক্যের প্রেক্ষিতে কুটনীতিকরা এমন আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ও ইইউ সভাপতি ফ্রাঙ্ক মেইকি বিডিনিউজকে বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন সংস্কার বিষয়ে আলোচনার উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।
তিনি বলেন, দুটি প্রধান গণতান্ত্রিক রাজনৈতিক দল সম্মিলিতভাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিজেরাই নিয়েছে। যা দেশের মানুষের জন্য গণতন্ত্র ও মানবাধিকার সুসংহত করতে সহায়তা করবে।
বাংলাদেশে ফিনল্যান্ডের কোন দূতাবাস না থাকায় জার্মানি বর্তমানে ইইউ সভাপতির দায়িত্বে রয়েছে।
এদিকে, বিরোধী ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের সাথে সংস্কার প্রশ্নে আলোচনার উদ্যোগ নেয়ায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত প্যাট্রিসিয়া বিউটেনিস বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়াকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রদুত বিউটেনিস শনিবার বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়াকে টেলিফোন করে এ বিষয়ে কথাও বলেন।
মান্নান ভূঁইয়ার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদুত সংস্কার প্রশ্নে ইতিবাচক ফলাফলের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
অপরদিকে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, প্রধান রাজনৈতিক দল দুটি বাইরের কারো চাপে নয়, নিজেদের দায়িত্ববোধ থেকেই আলোচনার উদ্যোগ নিয়েছে।
ঢাকায় সফররত ব্রিটিশ মন্ত্রীর সাথে একটি স্কুল পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় জনাব চৌধুরী আশা প্রকাশ করে বলেন, আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধানে প্রধান দুই দল উপায় খুঁজে বের করবে।
তিনি আরো বলেন, এদেশের রাজনৈতিক দলগুলো একটি সুষ্ঠু, নিরাপদ ও মুক্ত নির্বাচন অনুষ্ঠানে একযোগে কাজ করবে।
