২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বর্ষণে বাগেরহাটে চিংড়ি চাষের ক্ষতি শত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গত সপ্তাহে পাঁচদিনের টানা বৃষ্টিতে বাগেরহাট জেলায় চিংড়ি চাষের ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 02:32 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

জেলার নয়টি উপজেলার মধ্যে পাঁচটিতে ক্ষতির পরিমাণ এরই মধ্যে ৮২ কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন গলদা চিংড়ি চাষীরা ।

বাগেরহাট জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত তাদের কাছে বাগেরহাট সদর, মংলা, ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট উপজেলায় চিংড়ি চাষের ক্ষয়ক্ষতির হিসাব এসে পৌঁছেছে।

এতে দেখা গেছে, পাঁচ উপজেলায় ১০ হাজার ৯৯৩ হেক্টর জমির ১৫ হাজার ২১৮টি চিংড়ি ঘের পানিতে তলিয়ে যায়। ভেসে যায় ৮২ কোটি ৪৪ লাখ টাকার মাছ।

প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত ঘেরের বেশীরভাগই গলদা চিংড়ির।

জেলা মৎস্য কর্মকর্তা ড. নিত্যানন্দ দাস আশঙ্কা প্রকাশ করে বলেন, বাকি চারটি উপজেলার (মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়া ও রামপাল) ক্ষতির পরিমাণ এর সঙ্গে যুক্ত করলে তা শত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের প্রতিষ্ঠানে জনবল কম। মাঠ পর্যায়ে বেশ কিছু পদ দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। ফলে জেলার প্রায় ৬৬ হাজার চিংড়ি ঘেরের ক্ষয়ক্ষতির হিসাব তৈরি করতে কিছুটা বিলম্ব হচ্ছে।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে লঘুচাপের করণে গত ১৯ সেপ্টেস্বর থেকে দেশের প্রায় সবখানে একটানা পাঁচদিন বৃষ্টি হয়। এতে বাগেরহাটের প্রায় সব চিংড়ি ঘের ভেসে যায়।