২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার টেলিযোগাযোগ খাতে চীন থেকে ঋণ পাচ্ছে ১৪০০ কোটি টাকা

দেশে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপনের জন্য সরকার অবশেষে চীন সরকারের কাছ থেকে ১ হাজার ৪০০ কোটি টাকার (২১১ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা পেতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইআরডি কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দুই দেশের সরকারের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

ইআরডি সচিব ইসমাইল জাবিউল্লাহ এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাই জি নিজ নিজ সরকারের পক্ষে সাধারণ ঋণ চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

ইআরডি সূত্র জানায়, তিন বছর ধরে সরকার সহজ শর্তে চীনের কাছ উল্লিখিত পরিমাণ ঋণ পাওয়ার ব্যাপারে আলোচনা চালিয়ে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইআরডির একজন কর্মকর্তা বিডিনিউজ২৪ডটকমকে বলেন, প্রাথমিকভাবে চীন সরকার সাপ্লায়ার ক্রেডিট হিসেবে এ ঋণ প্রদানে রাজি হলেও বাংলাদেশ এ ব্যাপারে অসম্মতি জানায়।

তিনি বলেন, ক্রেতা -- বিক্রেতাদের ঋণ প্রস্তাবকে  সহজ শর্তে ঋণে রূপান্তরের জন্য ২০০৪ সাল থেকে আমাদের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে।

শেষপর্যন্ত চীন সরকার দুই শতাংশ হার সুদে এ ঋণ সুবিধা প্রদানে রাজি হয়েছে বলে তিনি জানান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে এবং মহানগর, গুরুত্বপূর্ণ জেলা শহর ও উপজেলাগুলোতে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন করা হবে।