ঘুর্ণিঘড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
বঙ্গোপসাগরে গত সপ্তাহে ঘুর্ণিঘড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পটুয়াখালী ও বরগুনায় দুটি সংক্ষিপ্ত পথসভায় তিনি এ আশ্বাস দেন।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রী পটুয়াখালী জেলার কলাপাড়ায় খেপুপাড়া হাইস্কুল মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন।
তিনি ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের দেখতে এসেছি। যারা ঘর--বাড়ি হারিয়েছে তাদেরকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে ইতোমধ্যেই জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় ক্ষতিগ্রস্ত জেলেদের মধ্যে চারজনকে ত্রাণ সামগ্রীর টোকেন দেওয়া হয়।
এরপর বিকাল তিনটায় প্রধানমন্ত্রী বরগুনার পাথরঘাটা উপজেলার ঈদগাঁ মাঠে আরেকটি সংক্ষিপ্ত পথসভায় বলেন, প্রশাসনের পক্ষ থেকে আপনাদের হারিয়ে যাওয়া স্বজনদের খুঁজতে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
তবে তাঁর বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিডিনিউজ২৪ডটকমকে বলেন, ঝড়ের তিনদিন পর ২১ সেপ্টেম্বর প্রশাসন থেকে উদ্ধারকাজ পরিচালনার জন্য শুধু চারশ’ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল আউয়াল হাওলাদারও স্বীকার করেন, শুরুতে যৌথভাবে ট্রলার মালিক সমিতির সাথে উদ্ধার কাজ শুরু হলেও পরে তারা প্রশাসনিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। পাথরঘাটা সমুদ্র উপকূল থেকে এ পর্যন্ত প্রশাসন ১৩টি লাশ উদ্ধার করেছে বলে তিনি জানান।
এরপর প্রধানমন্ত্রী কে এম হাইস্কুল মাঠে ঘূর্ণিঝড়ে নিহত ও নিখোঁজ জেলে পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের প্রত্যেককে এক হাজার টাকা, ২০ কেজি চাল, একটি শাড়ি ও একটি করে লুঙ্গি বিতরণ করেন।
পথসভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, দফতরবিহীন মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সফরের অংশ হিসেবে কুয়াকাটায় প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত সফর অবশ্য শেষ পর্যন্ত বাতিল করা হয়।
