২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় বিদ্যুত অফিসে হামলা, ভাংচুর

বিদ্যুতের লোডশেডিংয়ে অতীষ্ঠ হয়ে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও নরসিংদীতে বিক্ষুব্ধ জনগণ স্থানীয় বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 02:42 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

নরসিংদী বিসিক শিল্প নগরীর শ্রমিকরা বুধবার সকালে ঢাকা - সিলেট মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া - পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জে লোকজন বিদ্যুত অফিসের কর্মীকে মারধর করেছে। 

প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

নারায়ণগঞ্জ: জাতীয় গ্রিড থেকে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মঙ্গলবার রাত সোয়া ১১টা থেকে দেড়টা পর্যন্ত পুরো নারায়ণগঞ্জ শহর এবং ফতুল¬া শিল্পাঞ্চল অন্ধকারে ডুবে যায়। রাত ১১টা ৪০ মিনিটে শহরের খানপুরে অবস্থিত ডেসার ৩৩/১১ কেভি সাবস্টেশনে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় তারা অফিসের সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট আব্দুল¬াহ রেজাকে মারধর করে।

লোকজন একই সময়ে নারায়ণগঞ্জ শহরে নারায়ণগঞ্জ ক্লাবে অবস্থিত ডেসা বিদ্যুত অভিযোগ কেন্দ্রেও হামলা চালায় ও ভাংচুর করে।

এ ব্যাপারে ডেসার একটি সূত্র জানায়, জাতীয় গ্রিড থেকে বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় এই ঘটনা ঘটেছে। এখানে ডেসার কিছু করার নেই।

ময়মনসিংহ: নিয়মিত বিদ্যুত সরবরাহের দাবীতে মঙ্গলবার রাতে সদর উপজেলার ফুলবাড়ীয়ার আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়েছে স্থানীয় জনগণ। লোড শেডিংয়ে অতীষ্ঠ স্থানীয় গ্রাহকরা তারাবীহ নামাজ শেষে এই ভাঙচুর চালায়।

গ্রাহকরা বিদ্যুৎ প্রকৌশলী অফিসের দরজা, জানালা ও আসবাবপত্র ভাংচুর করে।

এদিকে একই দাবিতে বুধবার সকালেও ময়মনসিংহের সদর উপজেলার শম্ভুগঞ্জে পল¬ী বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখে স্থানীয় গ্রাহকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

নরসিংদী: নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় প্রশাসন শ্রমিক জনতার সাথে এক সমঝোতা বৈঠকে দৈনিক ১৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলেও গত দুই তিনদিনেও এর কোন উন্নতি হয়নি। লোডশেডিংয়ে অতীষ্ঠ হয়ে বিসিক শিল্প নগরীর শ্রমিকরা বুধবার সকালে ঢাকা - সিলেট মহাসড়কে অবস্থান নেয় ও গাছ কেটে সড়কে ফেলে অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় ব্যারিকেড দেওয়ায় সড়কের দুপাশে প্রচুর যানবাহন আটকা পড়ে।

মানিকগঞ্জ: তারাবি নামাজের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় বিক্ষুব্ধ মুসুল্লিরা দুটি বিদ্যুৎ অফিস ঘেরাও করে। এসময় তারা ভাংচুর চালায় এবং এক কর্মচারিকে মারধর করে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার তারাবি নামাজের সময় বিদ্যুৎ চলে গেলে সিংগাইর উপজেলা সদরে পল্লী বিদ্যুৎ অফিসে বিক্ষুব্ধ জনতা ইট পাটকেল ছোঁড়ে এবং আবদুর রাজ্জাক নামে এক কর্মচারিকে মারধর করে। এসময় জানালা এবং ভেতরের আসবাবপত্র ভেঙ্গে যায়।

একই সময়ে দৌলতপুর উপজেলায় লোডশেডিংয়ের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে এবং পল্লী বিদ্যুত অফিস ঘেরাও করে রাখে।