২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে বিদ্যুত অফিসে হামলা, ভাংচুর

বিদ্যুত সরবরাহের দাবিতে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে বিক্ষুব্ধ জনগণ স্থানীয় বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। নারায়ণগঞ্জে লোকজন বিদ্যুত অফিসের এক কর্মীকে মারধর করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 01:07 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

নারায়ণগঞ্জ থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, জাতীয় গ্রিড থেকে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মঙ্গলবার রাত সোয়া ১১টা থেকে দেড়টা পর্যন্ত পুরো নারায়ণগঞ্জ শহর এবং ফতুল্লা শিল্পাঞ্চল অন্ধকারে ডুবে যায়। রাত ১১টা ৪০ মিনিটে শহরের খানপুরে অবস্থিত ডেসার ৩৩/১১ কেভি সাবস্টেশনে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় তারা অফিসের সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট আব্দুল্লাহ রেজাকে মারধর করে।

লোকজন একই সময়ে নারায়ণগঞ্জ শহরে নারায়ণগঞ্জ ক্লাবে অবস্থিত ডেসা বিদ্যুত অভিযোগ কেন্দ্রে হামলা চালায় ও ভাংচুর করে।

এ ব্যাপারে ডেসার একটি সূত্র জানায়, জাতীয় গ্রিড থেকে বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় এই ঘটনা ঘটেছে। এখানে ডেসার কিছু করার নেই।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, নিয়মিত বিদ্যুত সরবরাহের দাবীতে মঙ্গলবার রাতে সদর উপজেলার ফুলবাড়ীয়ার আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়েছে স্থানীয় জনগণ। লোড শেডিংয়ে অতীষ্ঠ স্থানীয় গ্রাহকরা তারাবীহ নামায শেষে এই ভাঙচুর চালায়।

গ্রাহকরা বিদ্যুৎ প্রকৌশলী অফিসের দরজা, জানালা ও আসবাবপত্র ভাংচুর করে।

এদিকে একই দাবিতে বুধবার সকালেও ময়মনসিংহের সদর উপজেলার শম্ভুগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখে স্থানীয় গ্রাহকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।