ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাঠানপাড়ায় মঙ্গলবার সকালে টেম্পো চুরির ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত এবং অপর পাঁচজন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঠানপাড়ার জনৈক হেলিম মিয়ার একটি টেম্পো (নং সিলেট মেট্রো- ৩১১- ১০৩৫) চুরি হলে একই পাড়ার শাওনকে এ জন্য দোষারোপ করা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শাওনের নেতৃত্বে একদল লোক হেলিমের বাড়িতে হামলা চালায়।
এসময় লাঠির আঘাতে গোলাপ খাঁ (৫৭) নামে একজন গুরুতর আহত হন। সরাইল হাসপাতালে ভর্তি করার পর দুপুরে তিনি মারা যান।
এ ঘটনায় হেলিম মিয়া (৩৫), হোসেন খাঁ (২৫), আসমা বেগম (১৮), আলিমন বেগম (৩২) এবং রেজিনা (২৫) আহত হন।
এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
