ড. আফতাব আহমাদের সংক্ষিপ্ত জীবনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আফতাব আহমাদ ১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ থানার মির্জা নগর গ্রামে জন্মগ্রহণ করেন।
তার পিতার নাম মরহুম জালাল উদ্দিন আহমদ। তিনি ১৯৬৬ সালে কুমিল্লা বোর্ড থেকে এসএসসি এবং ১৯৬৮ সালে এইচএসসি পাশ করেন। ১৯৭১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৭২ সালের মাস্টার্স পরীক্ষায় একই বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৮৩ সালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
১৯৭২ সালে সাংবাদিকতা পেশায় যোগ দেন। তিনি দৈনিক গণকন্ঠের প্রতিষ্ঠাতা এবং প্রথম নির্বাহী সম্পাদক ছিলেন।
১৯৭৭ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। সেখানে ১৯৮১ সালে সহকারী অধ্যাপক এবং ১৯৮৪ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ১৯৮৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ - ১৯৯০ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। ১৯৮৫ সালে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং একই সময়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে তিনি শিক্ষক সমিতির সভাপতি ছিলেন।
১৯৯৫ সালের ২ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপক পদে যোগ দেন। ২০০২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। ২০০৩ সালের ৫ জুলাই থেকে ২০০৫ সালের ২০ জুলাই পর্যন্ত তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এরপর তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিণ্ডিকেট সদস্যও ছিলেন।
