পাবনায় র্যাবের ‘বন্দুকযুদ্ধে’ ২ চরমপন্থি নিহত
পাবনার আতাইকুলা থানার চৈত্রহাটি এলাকায় আজ সোমবার ভোর ৪টায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল (জনযুদ্ধ) এর দুই আঞ্চলিক নেতা নিহত হয়েছেন।
এরা হচ্ছেন -- আতাইকুলা থানার চরপাড়া এলাকার মোহসীন প্রামাণিকের পুত্র বেল্লাল হোসেন (৩২) এবং একই থানার আড়িয়াডাঙ্গি গ্রামের গণি শেখের পুত্র মজনু শেখ (৩০)।
র্যাব দাবি করে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা চৈত্রহাটি এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে প্রায় ১৫/২০ মিনিট ‘বন্দুকযুদ্ধ’ চলাকালে বেল্লাল হোসেন এবং মজনু শেখ আহত হন।
আশংকাজনক অবস্থায় তাদেরকে পাবনা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব ঘটনাস্থল থেকে পয়েন্ট ২২ বোরের একটি বিদেশী রাইফেল, একটি শাটারগান, পাঁচ রাউন্ড গুলি এবং বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে।
র্যাব আরো দাবি করে, নিহত বেল্লালের বিরুদ্ধে চারটি হত্যাসহ ১২টি এবং মজনুর বিরুদ্ধে তিনটি হত্যাসহ ১০টি মামলা রয়েছে।
