রাজধানীতে গনপিটুনিতে ৩ সন্ত্রাসী নিহত, আহত ১৬
রাজধানীর সূত্রাপুর, কেরানীগঞ্জ, ইস্কাটন, এলিফ্যান্ট রোড ও মিরপুরে রোববার আলাদা আলাদা ঘটনায় তিন সন্ত্রাসী নিহত ও ১৬ জন আহত হয়েছে। নিহতদের সবাই গণপিটুনির শিকার হয়। দুপুরে বুড়িগঙ্গার দুই তীরে ১১ জনকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে দুজন নিহত হয়।
প্রত্যক্ষদশীরা জানান, বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে সুত্রাপুর থানার ফরাসগঞ্জে পাঁচজনকে গুলি করে চার সন্ত্রাসী নদীর অপর পাড়ে কেরানীগঞ্জে পালিয়ে আসে। কিন্তু স্থানীয়রা তাদের ধরে ফেলে। এরপর গণপিটুনিতে দুজনের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়। তবে আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
কেরানীগঞ্জ দক্ষিণ থানার পুলিশ জানায়, নিহত দুজনের নাম আরিফ ও নাদিম। আহত সন্দেভাজন সন্ত্রাসীর নাম মাইনুল। তার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানায়। পালিয়ে যেতে সক্ষম অপর সন্ত্রাসীর নাম সোহেল।
সন্ত্রসীদের গুলিতে আহতদের কয়েকজন হলেন ময়না এজেন্সির মালিক দিলীপ পাল চৌধুরী (৫০), তার সহযোগী ইদ্রিস আলী (৫৫), শ্রমিক মোহাম্মদ হারুন (২৫), শহীদুল ইসলাম, শাহজাহান মিয়া (৪০), মনির হোসেন (১৮), রনি (২৪) ও ইলিয়াস (২১)। আহতদের প্রথম পাঁচজন ফরাসগঞ্জের সূত্রাপুর থানার অধিবাসী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনের বাড়ি কেরানীগঞ্জ দক্ষিণ থানার খেজুরবাগে। এদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চারজনের ওই দলটি দুপুর ২টার দিকে ময়না এজেন্সিতে বসে থাকা দিলীপ চৌধুরীসহ অপর চারজনের ওপর এলোপাথারি গুলি চালায়। পরে তারা একটি ট্রলারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে স্থানীয়রা তাদের ধরার চেষ্টা করলে তারা আবারও এলোপাথারি গুলি চালিয়ে নদী ওপারে চলে যায়। কিন্তু এ সময় অপর তীরের লোকজন তাদের ধরার চেষ্টা করলে সন্ত্রাসীরা ফের গুলি চালায়। এতে তিনজন আহত হয়। গুলি উপেক্ষা করে উত্তেজিত জনতা এগিয়ে এসে তিনজনকে ধরে ফেলে এবং গণপিটুনি শুরু করে। জনরোষে পড়া অপর সন্ত্রাসী গুরুতর আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত মাইনুলের বরাত দিয়ে পুলিশ জানায়, তাদের দলটি ফরাসগঞ্জে ছিনতাইয়ের চেষ্টা করেছিল।
এদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার কর হয়।
ইস্কাটন এলাকায় আরেক গণপিটুনির ঘটনায় নিহত হয় অজ্ঞাতনামা এক তরুণ (২০)। পুলিশ জানায়, এলিফ্যান্ট রোডে দুই নিরাপত্তা রক্ষীকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। তার এলোপাথারি গুলিতে এক রিক্সাচালক আহত হয়। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে মিরপুরে সকালে এক লিজিং কোম্পানির এজেন্ট অফিসের দুই কর্মচারীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়। কিন্তু তা ব্যর্থ হয়। এ ঘটনায় আহতরা হলেন ক্যাসিয়ার এনামুল হক (২২) ও ডিস্ট্রিবিউটর কামরুল ইসলাম (২৩)।
আহতরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মাজার রোডের উত্তরা ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য গাড়ি থেকে নামার পর তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা গুলি চালিয়ে তাদের কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
গুলিতে আহত হওয়া সত্ত্বেও টাকার ব্যাগটি তারা শক্ত করে ধরে রাখে। তবে উভয়পক্ষের টানাহেঁচড়ার মধ্যে ব্যাগ থেকে প্রায় ২৭ হাজার টাকা রাস্তায় পড়ে যায়।
এরপর ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে আশেপাশের লোকজন তাদের ধরে গণপিটুনি দেয়। এতে বাবু (৩৫) ও মামুন (৩৮) নামের দুই ছিনতাইকারী আহত হয়।
পুলিশ জানায়, এদের আরেক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
ওই ঘটনায় আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
