২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে এখনো দেড়শ’ জেলে নিখোঁজ, ৭০ ট্রলার ডুবি

পটুয়াখালীর কলাপাড়া উপকূল সংলগ্ন এলাকা থেকে আজ বৃহস্পতিবার আরও শতাধিক জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

তবে এখনও অন্তত দেড়শ জেলে নিখোঁজ রয়েছেন বলে এলাকার আড়ত মালিক ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

উদ্ধারপ্রাপ্ত জেলেরা জানান, মঙ্গলবার সাগরে তিন দফা ঘুর্ণিঝড়ে অন্তত ৭০টি ট্রলার ডুবে যায়। 

ওই এলাকায় দুদিনে অন্তত ছয়শ’ জেলে উদ্ধার হন। তবে কালাপাড়া ও কুয়াকাটার উপকুলে গত দুই দিনে সরকারি কোনো উদ্ধার যান দেখা যায়নি। ঝড় থেকে রক্ষা পাওয়া ট্রলার অন্যদের উদ্ধার করে।

বুধবার রাত পর্যন্ত খাজুরা কাউয়ারচর, লেম্বুরচর ও ফাতরার বনসংলগ্ন এলাকা থেকে মোট নয় জেলের লাশ উদ্ধার করা হয়। তবে বৃহস্পতিবার নতুন করে কোনো মৃতদেহ উদ্ধার করা যায়নি।

পাথরঘাটার নলী এলাকা থেকে উদ্ধার হওয়া খাজুরা এলাকার বয়োবৃদ্ধ জেলে আব্দুল কাদের (৫৫) বৃহস্পতিবার বিকালে ফিরে এলে তার স্বজনদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে।

আব্দুল কাদের জানান, মঙ্গলবার বিকালে আরো সাতজনসহ উপকূলে ফেরার পথে তাদের ট্রলার ঝড়ের কবলে পড়ে  সাগরে ডুবে যায়। গতকাল রাতে একটি অনুসন্ধানী ট্রলার তাদের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

এদিকে কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই সড়ক ও জনপথ বিভাগ বুধবার সকাল থেকে কলাপাড়া--কুয়াকাটা সড়কের হাজীপুর ফেরির গ্যাংওয়েসহ পন্টুন পরিবর্তনের কাজ কাজ শুরু করায় দুর্যোগúূর্ণ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

অপরদিকে আড়াই দিনের ভারি বর্ষণের কারণে উদ্ধারপ্রাপ্ত মুমূর্ষ জেলেদের চিকিৎসা এবং আর্থিক সহায়তা দিতে পারেনি একাধিক সংগঠন।