শায়খ ও বাংলা ভাইয়ের মৃত্যুদণ্ড নিশ্চিত করে দেওয়া রায় ঝালকাঠী পাঠানো হয়েছে
বিচারক হত্যা মামলায় শায়খ আব্দুর রহমান এবং বাংলা ভাইসহ অপর পাঁচজন ইসলামি জঙ্গির মৃত্যুদণ্ড নিশ্চিত করে হাইকোর্টের দেওয়া রায়ের স্বাক্ষরিত অনুলিপি বুধবার সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার ঝালকাঠী বিচার আদালতে পাঠিয়েছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা বিডিনিউজ২৪.কমকে বলেন, বৃহস্পতিবারের হরতালের কথা বিবেচনা করে সকল আনুষ্ঠানিকতা শেষে সুপ্রীম কোর্টের বিশেষ বার্তাবাহকের মাধ্যমে রায়ের স্বাক্ষরিত অনুলিপি বুধবার সাড়ে ৩ টায় ঝালকাঠী আদালতে পাঠানো হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে ঝালকাঠী আদালত রায়ের অনুলিপি পাবেন এবং মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়ে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের কাছে রায়ের অনুলিপি পাঠাবেন।
২০০৫ সালের ১৪ নভেম্বর জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা একটি গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়েকে হত্যা করে।
গত ২০ মে ঝালকাঠী আদালত জেএমবির সাত নেতার মৃত্যুদণ্ডের আদেশ দেন।
হাইকোর্টের একটি বেঞ্চ গত ৩১ আগস্ট আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ নিশ্চিত করে রায় প্রদান করেন।
