দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দারিদ্র বেড়েছে
জাতীয় পর্যায়ে দারিদ্রের হার কমলেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই হার গত পাঁচ বছরে বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গৃহস্থালি আয় এবং ব্যয় জরিপ প্রতিবেদনে (এইচআইইএস) এ তথ্য জানানো হয়।
দারিদ্রের গতিপ্রকৃতি ও ধরন বিশ্লেষণ করে ওই জরিপ প্রতিবেদনটি তৈরি করা হয়। পারিবারিক আয়-ব্যয়ের ভিত্তিতে পাঁচ বছর পরপর এটি প্রকাশিত হয়।
সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ২০০০-২০০৫ সাল সময়সীমার মধ্যে জাতীয় পর্যায়ে দারিদ্র্য ৪৮.৯ শতাংশ থেকে কমে ৪০ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতি বছরে দারিদ্র হ্রাসের পরিমাণ প্রায় দুই শতাংশ।
কিন্তু ওই সময়ের মধ্যে খুলনা বিভাগে দারিদ্রের হার বেড়েছে। ২০০০ সালে সেখানে দারিদ্রের হার ছিল ৪৫.১ শতাংশ। ২০০৫ সালে এই হার দাঁড়িয়েছে ৪৫.৭ শতাংশে।
প্রতিবেদনে আরো দেখা গেছে, খুলনা ও বরিশাল ছাড়া বাকি বিভাগগুলোতে দারিদ্রের হার কমেছে উল্লেখযোগ্য হারে।
দারিদ্র হ্রাসের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে ঢাকা বিভাগ। এই হার ৪৬.৭ শতাংশ থেকে কমে ৩২ শতাংশে দাঁড়িয়েছে। এরপর আছে যথাক্রমে চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী। চট্টগ্রামে এই হার ৪৫.৭ শতাংশ থেকে ৩৪ শতাংশে, সিলেটে ৪২.৫ থেকে ৩৩.৮ ও রাজশাহীতে ৫৬.৭ থেকে ৫১.২ শতাংশে দাঁড়িয়েছে।
ক্যালোরি গ্রহণের ক্ষেত্রে দারিদ্রপীড়িত মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৩০ লাখ। এ হিসাবে খুলনা বিভাগে দারিদ্র বেড়েছে ১.৩৩ শতাংশ হারে।
বরিশাল বিভাগে দরিদ্র মানুষের সংখ্যা কমলেও জাতীয় পর্যায়ে দারিদ্র হ্রাসের হারের তুলনায় এই হার অনেক কম। এই হার ২০০০ সালে ৫৩.১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৫২ শতাংশে অর্থাৎ, জাতীয় পর্যায়ে প্রায় দুই শতাংশের বিপরীতে এই বিভাগে দারিদ্র কমেছে ১.১ শতাংশ হারে।
এইচআইইএস রিপোর্টটি এ সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে বলে সরকারি সূত্র জানায়।
এ প্রসঙ্গে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক খলীকুজ্জামান আহমদ বিডিনিউজ২৪ডটকমকে বলেন, খরা মৌসুমে খুলনা বিভাগের অনেক জায়গায় পানির সংকট দেখা দেয়। ফলে অর্থনৈতিক ও কৃষি কার্যক্রম বাধাগ্রস্ত হয়।
তিনি বলেন, দারিদ্র মোকাবেলায় অন্যতম পূর্বশর্ত হলো পানি সরবরাহ নিশ্চিত করা।
এছাড়া শিল্প-কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়া, যেমন বেশ কয়েকটি সরকারি মিল-কারখানা বন্ধ হওয়া ওই অঞ্চলে দারিদ্রের হার বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।
