জাতীয় সংসদে রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) বিল ২০০৬ পাস
যে কোনও ধরনের রাসায়নিক অস্ত্র উন্নয়ন, উৎপাদন, অর্জন, হস্তান্তর ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে। এক্ষেত্রে আইন অমান্যকারীর অপরাধ অ - জামিনযোগ্য এবং সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ডের বিধান রেখে সোমবার জাতীয় সংসদে রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) বিল ২০০৬ পাস হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এ আইন পাসের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত কনভেনশনে বিধ্বংসী অস্ত্র অর্জন ও নিষিদ্ধকরণ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এ আইন পাস করা হয়েছে।
এদিকে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও বিরোধী দলের সদস্যরা এ বিলটির ব্যাপারে ব্যাপক আপত্তি জানায়। বিরোধী দলীয় সদস্যরা আইনের প্রয়োগ নিশ্চিত না করে এ ধরনের স্পর্শকাতর আইন পাসের প্রয়োজনীয়তা কতটুকু তা জানতে চান।
তারা বলেন, সময়ের দাবি এখন নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার সংস্কার বিল উত্থাপন করে তা পাস করা। এ আইনটি সময়ের দাবি নয় বলে তারা জনমত যাচাইয়ের দাবি জানান।
আইনমন্ত্রী তাদের দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে এ ধরনের বক্তব্য এক্সপাঞ্জ করতে বলেন। জনমত যাচাইয়ের সাথে এ বিলের কোনও সম্পর্ক নেই বলে তিনি সংসদকে জানান।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বিলটিকে জনমত যাচাইয়ের জন্য ভোটে দিলে বিরোধী দলের দাবি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
এরপর আইনমন্ত্রী বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন এবং তা দুই তৃতীয়াংশ সংখাগরিষ্ঠতায় কণ্ঠভোটে পাস হয়।
