কিশোরগঞ্জে জঙ্গি সন্দেহে এক কিশোর গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আজ সোমবার মনসুর আলী(১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মনসুর রোববার মধ্যরাতে সদরের চৌদ্দশত ইউনিয়েনের বাটাইল গ্রামের আবদুল আলীর বাড়িতে ঢুকে পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে। আজ দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়।
পুলিশ ও সাংবাদিকদের কাছে সে নিজেকে একজন গার্মেন্টস কর্মী হিসাবে পরিচয় দেয়। তবে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠির সঙ্গে তার যোগাযোগের কথাও সে স্বীকার করে।
এক পর্যায়ে সে জানায়, জঙ্গি সংগঠন জেএমবি তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করেছে। সর্বশেষ ৮ সেপ্টেম্বর ঢাকার পীরেরবাগ এলাকার সন্ত্রাসী রাসেল ও আগারগাঁও এলাকার সন্ত্রাসী জাফরের নির্দেশে সে আগারগাঁও থেকে বেশ কিছু বিস্ফোরক বহন করে ফার্মগেটে অন্য একজনের কাছে পৌছে দেয়। এছাড়া ক্রসফায়ারে নিহত জিতু ও বিদেশ পলাতক সন্ত্রাসী মিলটনও তাকে বিভিন্ন সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে বলে সে জানায়।
মনসুরকে পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের প্রস্ততি চলছে বলে পুলিশ জানায়। সে কিশোরগঞ্জের চৌদ্দশত ইউনিয়নের টুটিয়ারচর গ্রামের আবুবকর ছিদ্দিকের ছেলে।
