২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্কুট নেই, তাই ছাত্রছাত্রীরাও স্কুলে আসে না

পঞ্চগড়ের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকখানিই কমে গেছে। খোঁজ নিয়ে জানা গেল, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) স্কুলগুলোতে বিস্কুট দেওয়া বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ের আসার উৎসাহ হারিয়ে ফেলেছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 03:28 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

সংস্থাটির স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় বিস্কুট প্রদান প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে গত ৩০ জুন। প্রকল্পটির আওতায় একাধারে তিন বছর নিয়মিত বিস্কুট পেয়ে হঠাৎ তা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ১৫ থেকে ২০ ভাগ কমে গেছে।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, শিশু ভর্তি ও উপস্থিতির হার বাড়ানো, স্কুল পরিত্যাগের হার কমানো, অপুষ্টি দূর করার মাধ্যমে শিশুদের পাঠে মনোযোগী করতে অস্ট্রেলিয় সরকারের সহায়তায় ডব্লিউএফপির মাধ্যমে ২০০৩ সালের জানুয়ারি মাস থেকে পঞ্চগড়, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় এ কর্মসূচি চালু হয়।

কর্মসূচির আওতায় টিফিনের সময় হোয়াইট ফ্লাওয়ার, সুগার, ভেজিটেবল ফ্যাট, সোয়া ফ্লাওয়ার, লুডিজেড সল্ট, বেকিং সোডা, ভিটামিন ও মিনারেল মিশ্রিত ৭৫ গ্রাম ওজনের এক প্যাকেট বিস্কুট শিশুদের খেতে দেয়া হতো।

জেলার পাঁচটি উপজেলার ৬১৭টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ২২ হাজার ১৫ জন এবং এনজিও পরিচালিত ৩১৯টি বিদ্যালয়ের ১০ হাজার ১৯০ জন শিশু প্রতিদিন এক প্যাকেট বিস্কুট পেত। কিন্তু গত ৩০ জুন প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিস্কুট প্রদানও বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে বিশেষত গ্রামের স্কুলগুলোতে।

বোদা উপজেলার ব্রম্মত্তর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা পারভীন বিডিনিউজকে জানান, বিস্কুট দেয়ার সময় দৈনিক উপস্থিতি ৯০ জনে উন্নীত হলেও এখন নেমে এসেছে ৭০ জনে।

জোতলোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা আকতার জানান, তার স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ২১৫ জন। বিস্কুট দেয়ার সময় গড় হাজির ছিল ১৮৫ জন। বিস্কুট বন্ধ করে দেয়ার পর বর্তমানে তা ১৪০ জনে নেমে এসেছে।

আব্দুল আজিজ নামে এক প্রধান শিক্ষক বিডিনিউজকে জানান, উপবৃত্তিধারী সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীরা স্কুলে এলেও যারা বিস্কুটের আশায় স্কুলে আসতো তারা ঝরে পড়ছে।

তবে প্রাথমিক শিক্ষা বিভাগের মাসিক রিপোর্টে এই অনুপস্থিতির হারের কথা উল্লেখ নেই। 

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক কর্মচারি জানান, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের রিপোর্টে উপস্থিতির হারে তেমন কোন পার্থক্য নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন দিক সামাল দিতেই প্রধান শিক্ষকরা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের জ্ঞাতসারে এমন রিপোর্ট দিচ্ছেন।

অনেক শিক্ষক এ বিষয়টি স্বীকার করে জানান, স্কুলে উপস্থিতি কমে যাওয়ার তথ্যটি সঠিক। দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ভবিষ্যতে আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

শিক্ষকরা বলেন, এ কর্মসূচী শেষ হওয়ার কয়েকমাস আগে থেকে আমরা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নানাভাবে স্কুলে আসতে উৎসাহ দিয়েছি। তারপরও গ্রামের স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিতি কমে গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাকিম বলেন, প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ায় বিস্কুট দেয়া বন্ধ হয়ে গেছে। তিনি নতুন যোগদান করায় শিক্ষার্থীদের ঝরে পড়ার বিষয়টি জানেন না।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. সাখাওয়াৎ হোসেন ও সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মোখতার আলী বিডিনিউজকে জানান, নিয়মিতভাবে ভিটামিনযুক্ত খাবার খাওয়ার পর হঠাৎ বন্ধ হয়ে গেলে শিশুরা পুষ্টিহীনতার শিকার হতে পারে।

শিশুদের হঠাৎ উচ্চ মাত্রার ক্যালোরিযুক্ত খাবার বন্ধ করে দিলে তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হবে। অপুষ্টির কারণে ওই সব শিশু তাদের স্বাভাবিক চাঞ্চল্য হারিয়ে ফেলবে।