পাগলা, বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ২
নারায়নগঞ্জের পাগলা এবং বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নারায়নগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-নারায়নগঞ্জ সড়কের পাগলা বাজার এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় নিহত হয় স্কুল ছাত্র জসিম (১১)। রোববার দুপুর দেড়টায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জসিম পাগলা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
উত্তেজিত জনতা আটক করে ঘাতক ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। পুলিশ জসিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট-খুলনা মহাসড়কের খানজাহান আলী কলেজের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ের মধ্যবয়সী এক মহিলা নিহত হয়েছেন। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক পরিবহনের একটি বাস পথচারী এই মহিলাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। তবে চালক এবং হেলপার পালিয়ে গেছে।
