প্রধানমন্ত্রী সংলাপের কথা বললেও বাস্তবে প্রতিফলন নেই : শেখ হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছন, প্রধানমন্ত্রী মুখে সংলাপের কথা বললেও বাস্তবে এর প্রতিফলন নেই। মহসচিবকে দায়িত্ব দেয়ার পরদিনই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শেখ হাসিনা শনিবার বেলা ১১টার দিকে কালিহাতি বাসস্ট্যান্ডে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় বলেন, জোট সরকার জনগণের ভোট চুরি করতে চায়। এ চুরি ঠেকিয়ে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। জনগণের ভোটের অধিকার তাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের এই আন্দোলন। বিচারপতি কে এম হাসান ও এম এ আজিজের অধীনে এদেশে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তিনি ভোটারদের ছবি সম্বলিত পরিচয়পত্র প্রদানসহ সঠিক ভোটার তালিকা প্রণয়নেরও আহ্বান জানান।
দেশে চাল, ডাল, তেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস-পত্রের মূল্য বৃদ্ধিতে জনগণের মধ্যে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। সরকারি দলের নেতারা সিন্ডিকেটের মাধ্যমে মূল্যবৃদ্ধি করে নিজেদের পকেট ভারি করছে বলে বিরোধী দলীয় নেত্রী অভিযোগ করেন।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জোট সরকারের উন্নয়নের সুফল হিসেবে ২০ টাকা কেজি চাল খাচ্ছেন। আগামীতে তাদের ভোট দিলে ৪০ টাকা কেজি চাল খেতে হবে।
শেখ হাসিনা বলেন, ১৯৯৬ এর ১৪ ফেব্র“য়ারি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হলেও লাভ হয়নি, টিকেছিল মাত্র একমাস । এ ধরনের প্রহসনের নির্বাচন আবারো করা হলে জনগন তা আবারো প্রতিহত করবে।
মোজহারুল ইসলাম তালুকদার ঠাণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় সাংসদ আবদুল লতিফ সিদ্দিকী।
এ সময় সুরঞ্জিত সেনগুপ্ত, বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবীর নানক এবং বাহাউদ্দিন নাসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শেখ হাসিনা ঘাটাইল, মধুপুর ও ধনরাজিতে পথসভায় বক্তব্য রাখেন।
