২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি পল্লী ঘেরাও কর্মসূচি স্থগিত

রাজধানীর ডেমরার (যাত্রাবাড়ি) সিটি পল্লীর কথিত রিকসা চোর ও তাদের গডফাদারদের গ্রেফতার ও আস্তানা উচ্ছেদের দাবিতে শুক্রবার রিকসা ও ভ্যান মালিক ও শ্রমিকরা ওই পল্লী ঘেরাওয়ের উদ্যোগ নিলেও পুলিশের সাথে বৈঠকের পর ওই কর্মসূচি স্থগিত করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 10:09 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

সিটি পল্লীর কথিত রিকশা চোর ও তাদের গডফাদারদের গ্রেফতার ও আস্তানা উচ্ছেদের দাবিতে বাংলাদেশ রিকশা ভ্যান চালক মালিক ঐক্য পরিষদের উদ্যোগে সকাল ১০টায় সংগঠনের পারগেন্ডারিয়ার অস্থায়ী কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে দুটি কার্যালয় থেকে কয়েক হাজার রিকসা চালক ও মালিক মিছিলসহ একযোগে সিটি পল্লী ঘেরাওয়ের জন্য যাত্রা করলে পুলিশ মিছিলটিকে বাধা দেয়। এ সময় পুলিশের কর্মকর্তাদের সাথে পরিষদ নেতাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে অভিযুক্তদের সাথে ঘেরাওকারীদের ধাওয়া - পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এরপর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পরিষদের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে আস্তানা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা নিতে আরো ১৫ দিনের সময় নেন। পুলিশ কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিষদ নেতারা উচ্ছেদ অভিযান স্থগিত করেন।

এর আগে সমাবেশে সভাপতির বক্তব্যে পরিষদের আহ্বায়ক ফজলুর রহমান বলেন, ঢাকায় তৎপর শতাধিক রিকশা চোর ও তাদের গডফাদারদের ব্যাপারে পুলিশকে বারবার জানানোর পরও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। ফলে ভুক্তভোগী চালক ও মালিকরা নিজেরাই তাদের আস্তানা উচ্ছেদের উদ্যোগ নিয়েছে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন, আলী আহমেদ, রুহুল আমীন, আব্দুর রউফ, বাদল মিয়া, আলম খান, মহিউদ্দিন চৌধুরী ও শাহীন সিকদার প্রমুখ।