মুন্সীগঞ্জ সদর হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. মো. এনায়েত করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল হাই, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মজিবুর রহমান মোল্লা ও জেলা বিএমএ সভাপতি ডা. মো. খলিলুর রহমান।
সমাবেশে স্বাস্থ্য মন্ত্রী বলেন, দেশের সকল জেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায়, ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় এবং সকল উপজেলা হাসপাতালকে ৩১ থেকে ৫০ শয্যায় রূপান্তরিত করা হচ্ছে।
বিগত পাঁচ বছরে দেশের স্বাস্থ্য খাতে ৪ হাজার চিকিৎসক, ২ হাজার নার্স এবং অন্যান্য পদে প্রায় ১৮ হাজার লোক নিয়োগ করা হয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
উল্লেখ্য, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিএমএমইউএ উন্নয়নের কাজ বাস্তবায়ন করেছে।
