২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিকার চেয়ারম্যানকে হত্যার হুমকির মামলায় আমিনীর আত্মপক্ষ সমর্থন

২০০০ সালের ১৯ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার জনসভায় প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুককে হত্যার হুমকি দেওয়া সংক্রান্ত মামলায় মুফতি ফজলুল হক আমিনী আদালতে আত্মপক্ষ সমর্থন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

আজ বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ারের কাছে তিনি বলেন, তাকে হয়রানির উদ্দেশ্যে কাজী ফারুক তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন।

গত ২০০০ সালের ১৪ মে কাজী ফারুক ঢাকার সিএমএম আদালতে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মানহানি ও হত্যার হুমকির অভিযোগে মামলা দায়ের করেন।

মামলাটিতে আমিনীর বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে বাদি পক্ষে আট জনের সাক্ষ্য নেওয়া হয়। বৃহস্পতিবার আমিনী আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করেন এবং তার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য নির্বাচিত কয়েকজনের তালিকা দাখিল করবেন বলে জানান।

বিচারক আগামী ১১ আক্টোবর আসামীদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এ সময় কাজী ফারুকও উপস্থিত ছিলেন।