বিকল্পধারার সাথে বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দল
বিকল্পধারা বাংলাদেশ (বিডিবি) এর নেতারা ইউরোপীয় ইউনিয়নের সফররত প্রতিনিধি দলকে বলেছেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের অধীনের নির্বাচন হলে দেশের জনগণ তা মেনে নেবে না।
দলের সভাপতি অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের বলেন, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের ওপর জনগণের কোনও আস্থা নেই। তাদের অধীনে নির্বাচন জনগণ মেনে নেবে না। এসব আমরা ইইউ প্রতিনিধিদের বলেছি।
আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের একটি পূর্ণাঙ্গ দল আসার আগে পরিস্থিতি মূল্যায়নের জন্য ছয় সদস্যের ইইউ প্রতিনিধি দলটি সোমবার ঢাকায় এসে পৌঁছে।
অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী জানান, হাইকোর্টের নির্দেশনা মেনে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ করেনি।
তিনি বলেন, ভোটার তালিকায় অনেক ভুয়া ভোটারের নাম রয়েছে এবং প্রকৃত অনেক ভোটারের নামই তালিকাভুক্ত হয়নি।
দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না করলে তার দল আগামী নির্বাচনে অংশ নেবে না বলে জানান তিনি। এ ছাড়া তিনি ক্ষমতাসীন বিএনপি নেতাদের মালিকানাধীন টিভি চ্যানেলগুলোর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন।
ইইউ প্রতিনিধি দলের প্রধান অ্যান্ড্রো ব্র“চে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের জানান, নির্বাচন সম্পর্কে সকল দলের মতামত জানতে তারা সকল রাজনৈতিক দল, এনজিও এবং সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন।
বৈঠকে বিডিবি সাধারণ সম্পাদক মেজর (অব.) আব্দুল মান্নান এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
