বিতর্কিত ব্যক্তিকে শিক্ষক নিয়োগ: তদন্ত দাবি করেছে ঢাবি শিক্ষক সমিতি
জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগে বিতর্কিত এক ব্যক্তিকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত এক জরুরী বৈঠকে সমিতির সভাপতি অধ্যাপক শরীফউল্লাহ ভুঁইয়া এ দাবি জানান।
বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আখতারুজ্জামান সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে রোববার সমিতির কার্যকরী পরিষদের এক জরুরী সভায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংকটময় পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার উপাচার্যের সাথে বৈঠকে শিক্ষক সমিতি প্রধান তিনটি বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনাকালে শিক্ষক নেতারা বলেন, বিতর্কিত ব্যক্তি শাহনূর হোসাইনকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ায় ছাত্র সংগঠনগুলো সোমবার ক্যাম্পাসে একদিনের ধর্মঘট পালন করেছে। কাজেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তদন্ত করে সব বিতর্কের অবসান ঘটায় তাহলে এ নিয়ে সন্দেহের অবকাশ থাকবে না।
এছাড়া মৎস্য বিজ্ঞান বিভাগে শিক্ষকের পদোন্নতি প্রশ্নে সিলেকশন কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যের মত অগ্রাহ্য করে সংখ্যালঘিষ্ঠের মতকে সিন্ডিকেট যে অনুমোদন দিয়েছে তাকে আলোচকরা আইনবিরুদ্ধ বলে অভিহিত করেন। সমাজবিজ্ঞান বিভাগে নির্দিষ্ট ব্যক্তিকে স্কলারশীপ প্রদানের জন্য ফান্ড গঠনের বিষয়টিও আলোচনায় প্রাধান্য পায়। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ স্কলারশীপের ফান্ড গঠনের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা গঠনেরও দাবি জানান, যাতে নির্দিষ্ট কেউ এ সুবিধা ভোগ করতে না পারে।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাণিজ্য অনুষদের ডীন অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম প্রমুখ।
