২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫৭৩ কর্মচারি নিয়োগের উপর হাইকোর্টের স্থগিতাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৫৭৩ জন কর্মচারি নিয়োগ প্রক্রিয়ার ওপর হাইকোর্ট সোমবার ১৫ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ জনস্বার্থে দায়ের করা একটি রীট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সহ--সভাপতি (ভিপি) ফজলে হোসেন বাদশা ওই সব পদে লোক নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞাপন চ্যালেঞ্জ করে এই রীট আবেদন করেন।

এছাড়া কেন এই নিয়োগ প্রত্রিয়াকে অবৈধ ঘোষণা করা হবে না তা জানানোর জন্যও হাইকোর্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি একটি রুল জারি করেছে।

রীট আবেদনে বলা হয়, ৫৭৩ জন কর্মচারি নিয়োগের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন চলতি বছরের ২৪ মে থেকে ১ আগস্ট পর্যন্ত ১১টি বিজ্ঞাপণ প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের চাকুরী বিধিমালা অনুযায়ী মোট পদের ৬০ ভাগ অভ্যন্তরীণভাবে ও ১০ ভাগ মৃত কর্মচারিদের ছেলেমেয়ের কোটা থেকে পূরণ করতে হবে। এ ছাড়া প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা রয়েছে, তাও মেনে চলতে হবে। কিন্তু এই নীতিমালা অমান্য করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫৭৩ জন কর্মচারি নিয়োগ দিতে যাচ্ছে বলে আবেদনে অভিযোগ করা হয়।

আদালতে রীট আবেদনটি পেশ করেন অ্যাডভোকেট এমকে রহমান ও অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবু ।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৪৬ জন কর্মচারি নিয়োগকে চ্যালেঞ্জ করে ২০০৪ সালে দায়ের করা আরেকটি রীট আবেদন হাইকোর্টে বিচারাধীন আছে।