২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সদর হাসপাতালে লাগাতার কর্মবিরতির হুমকি

সদর হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতালে সন্ত্রাসী হামলার বিচার ও সন্ত্রাসীদের শাস্তির দাবিতে হাসপাতাল অচল করে দেয়ার হুমকি দিয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 10:37 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

দাবি আদায়ে রোববার বিকেলে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের পর কক্সবাজার বিএমএ সভাপতি ডা. অরূপ দত্ত বাপ্পী বিডিনিউজকে জানান, প্রশাসন আগামী রোববার সকাল ১০টা পর্যন্ত সময় চেয়েছে। ওই সময়ের মধ্যে কোন সমাধান না হলে হাসপাতালে লাগাতার কর্মবিরতির কর্মসূচি দেওয়া হবে।

বিএমএ নেতা শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বাপ্পীর নেতৃত্বে হাসপাতালের একদল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী জেলা প্রশাসক আমিনুল ইসলামের সাথে সাক্ষাৎ করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

জেলা প্রশাসক এজন্য আগামী রোববার সকাল ১০টা পর্যন্ত সময় নেন।

কক্সবাজার শহরের গোলদীঘিতে ডুবে একটি শিশু মৃত্যুর ঘটনায় একদল যুবক হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে শুক্রবার হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় কর্তব্যরত কয়েকজন চিকিৎসক ও কর্মচারী তাদের হাতে লাঞ্ছিত হয়।

এ ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দুলাল চন্দ্র পাল বাদি হয়ে ১৫ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের দুইদিন পরও আসামীরা গ্রেফতার না হওয়ায় চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা হতাশা ব্যক্ত করেছেন।