র্যাবের ‘ক্রসফায়ার’ এ পিবিসিপি নেতা নিহত
জেলার চিতলমালি উপজেলায় শুক্রবার ভোরে র্যাবের ‘ক্রসফায়ার’ এ নিহত হয়েছে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (পিবিসিপি) এর এক আঞ্চলিক নেতা।
র্যাব দাবি করে যে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত মোস্তাফিজ ওরফে জুয়েল সিকদার (৩০) চিতলমারি উপজেলার ঘোনা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোহসিন সিকদার।
র্যাব জানায়, নিহত জুয়েল বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কালিদাস বড়াল হত্যা মামলার তালিকাভুক্ত আসামি।
এ পর্যন্ত কালিদাস হত্যা মামলার আসামিদের মধ্যে চারজন ‘ক্রসফায়ার’ এবং গণপিটুনিতে নিহত হয়েছে। অন্য যারা অতীতে নিহত হয়েছে তারা হলো : রশিদ ওরফে তপু, কবির ডাকুয়া এবং তুষার মোল্লা।
র্যাব প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ‘ক্রসফায়ার’ এর ঘটনা যেভাবে বর্ণনা করেছে র্যাব, জুয়েলের নিহত হওয়ারও একই বর্ণনা দিয়েছে তারা।
‘জুয়েলের সহযোগীদের ধরতে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য র্যাব এর দলটি জুয়েলকে নিয়ে বড়বাগ গ্রামে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবের সদস্যদের ওপর গুলিবর্ষণ করে। র্যাবও পাল্টা গুলি করে। এ সময় জুয়েল পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। তাকে চিতলমারি হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে,’ র্যাব দাবি করে।
র্যাব-৬ এর কর্মকর্তারা বিডিনিউজ২৪.কম কে জানান জুয়েল স্থানীয় পিবিসিপি নেতা মুকুল তারুয়া এর সেকেন্ড-ইন-কমান্ড ছিল। তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ পাঁচটি মামলা ছিল বলে র্যাব দাবি করে।
