বাগেরহাটে বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ২২
বাগেরহাটে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে ২২ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক।
ঘটনার পর পর স্থানীয় লোকজন বিক্ষুদ্ধ হয়ে উঠে। ব্যারিকেড দেয় তারা মাওয়া মহাসড়কে। ফলে যানবাহন চলাচল বন্ধ থাকে প্রায় দুই ঘণ্টা ধরে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে খুলনা থেকে মোল্লাহাট যাওয়ার সময় রূপসী নামের একটি যাত্রীবাহী বাস কাহালপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তিনটি দোকানে ঢুকে পড়ে। এসময় দোকনের পাশে দাড়িয়ে থাকা তপু মোল্লা (১০) বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের খুলনা এবং মোল্লাহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তপু মোল্লা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। সে মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের হাসমত আলীর ছেলে।
