তিনবিঘা করিডোরে বিডিআর-বিএসএফ মুখোমুখি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোরে মঙ্গলবার দুপুর থেকে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মুখোমুখি অবস্থায় রয়েছে।
এ পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে যেকোন সময় গুলিবিনিময় শুরু হওয়ার আশংকায় দহগ্রাম-আঙ্গোরপোতা ছিটমহলের ২০ হাজার বাংলাদেশী নাগরিক অবরুদ্ধ হয়ে পড়েছে।
বিডিআর সূত্র জানায়, পরিস্থিতি মোকাবেলায় লালমনিরহাট ১৯ রাইফেলস ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাফাত ঘটনাস্থলে রয়েছেন।
এছাড়া মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় বিডিআর এর পক্ষ থেকে বিএসএফকে একটি প্রতিবাদ পত্র দেওয়া হয়েছে। বিডিআরের প্রতিবাদপ্রত্রে বলা হয়েছে, দহগ্রাম-আঙ্গোরপোতার অধিবাসীরা একটি স্বাধীন দেশের নাগরিক। তারা স্বাধীনভাবে চলাচল করবে। এতে বিএসএফ এর নাক গলানোর কোন অধিকার নেই। কিন্তু বিএসএফ এদের স্বাধীনভাবে চলাচলের ওপর হস্তক্ষেপ করায় তা এদেশের গণতন্ত্র ও স্বাধীনতার ওপর আঘাত করেছে। বাংলাদেশী নাগরিক ও বাংলাদেশী ভূখণ্ডে বিএসএফ এর হস্তক্ষেপ চরম নিন্দাজনক ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘণ।
এদিকে বিএসএফ ৫ ব্যাটেলিয়ন বিডিআরকে মৌখিকভাবে জানিয়েছে যে ওপর মহলের নির্দেশে তিনবিঘা করিডোরে নজরদারী বৃদ্ধি করা হয়েছে। পুনরায় ওপর মহলের নির্দেশ ছাড়া তারা কোন কিছুই করতে পারবে না।
উদ্ভূত পরিস্থিতিতে দহগ্রাম-আঙ্গোরপোতার ২০ হাজার বাংলাদেশী নাগরিক সোমবার বিকেল থেকে বাংলাদেশের মূল ভূখণ্ডে চলাচল বন্ধ করে নিজেদের স্বেচ্ছা অবরুদ্ধ বলে ঘোষণা করেছেন। তারা সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়েছেন।
এ বিষয়ে দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, তাদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তারা ছিটমহল থেকে বাইরে বের হবেন না। তারা দীর্ঘদিন থেকেই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তিনবিঘা করিডোরটি স্বাধীনভাবে ব্যবহার করে আসছিলেন। কিন্তু বিএসএফ কোন কারণ ছাড়াই শনিবার বিকাল থেকে তাদের উপর নজরদারী বৃদ্ধি করেছে। শুধু তাই নয় ছিটমহল থেকে গরু ছাগল নিয়ে মূল ভূখণ্ডে যেতে বাধা দিয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ১৯ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাফাত জানান, তিনবিঘা করিডোরের সমস্যা সমাধান এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি ওপর মহলে চলে গেছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়া সমাধান অনিশ্চিত।
বর্তমান অবস্থা চলতে থাকলে যেকোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও তিনি আশংকা প্রকাশ করেন।
