২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর আ. লীগ সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়াকে সোমবার জেলা ছাত্রলীগ নেতা--কর্মীরা অবাঞ্ছিত ঘোষণা করেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

ছাত্রলীগ সভাপতিকে বহিষ্কারের জন্য তাকে দায়ী করে আজ সন্ধ্যায় জেলা ছাত্রলীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম রোমানসহ চাঁদপুরের ২৭ জন আওয়ামী লীগ নেতা--কর্মীকে  বহিষ্কারের পেছনে জেলা আওয়ামী লীগ সভাপতির  হাত রয়েছে।

এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে আওয়ামী লীগের যে কোনো কর্মকান্ড প্রতিহত করা হবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।

প্রতিবাদ সমাবেশে বহিস্কৃত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা জাফর ইকবাল মুন্না, সদর থানা ছাত্রলীগ আহ্বায়ক জাফল উল্ল্যা খান, সদর থানা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মেজবাহ উদ্দিন সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু তাহের রিয়াজ এবং জেলা যুবলীগের বর্তমান সভাপতি আবু পাটওয়ারী।

সমাবেশ শেষে বহিস্কৃত নেতৃবৃন্দের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ নিয়ে শহরে উত্তেজনা দেখা দিয়েছে।  সংঘর্ষ এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।