চাঁদপুরে বোমা হামলার মামলায় সাক্ষ্য গ্রহণ আবারো পেছালো
চাঁদপুরে গত বছর সংঘটিত বোমা হামলার ঘটনায় জেএমবি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর সাক্ষ্য গ্রহণের তারিখ আবারো পিছিয়ে গেছে।
সোমবার সাক্ষ্যগ্রহণের তারিখ ছিল। কিন্তু আসামীদের আদালতে হাজির না করায় চতুর্থ দফায় এর তারিখ পরিবর্তন করে আগামী ১০ অক্টোবর ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার অংশ হিসেবে চাঁদপুরের ঘটনায় জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, ছিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ও আতাউর রহমান সানির বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করা হয়।
তবে এদেরকে একবারও আদালতে হাজির না করায় সাক্ষ্য গ্রহণ বন্ধ রয়েছে।
এ বিষয়ে চাঁদপুরের পিপি অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, জেএমবির শীর্ষ নেতাদের ফাঁসির রায় কার্যকর হওয়ার আগে এসব মামলায় সাক্ষ্য গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
