র্যাবের ‘ক্রসফায়ারে’ ২ জন নিহত
রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গের জেলা পাবনায় মঙ্গলবার র্যাবের ‘ক্রসফায়ারে’ কথিত এক সন্ত্রাসী এক ডাকাত নিহত হয়েছে।
বোটানিক্যাল গার্ডেনের কাছে ভোরে র্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছে কথিত সন্ত্রাসী শহীদুল ইসলাম টিটো।
বিডিনিউজ পাবনা প্রতিনিধি জানান, জেলার সদর উপজেলার গয়েশপুরে ভোরে র্যাবের ‘ক্রসফায়ারে’ একজন ডাকাত সৈয়দ আলী মণ্ডল ওরফে সৈয়দ আলী ডাকাত নিহত হয়েছেন।
র্যাব দাবি করে, টিটোকে মিরপুর স্টেডিয়াম থেকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য টিটোর আস্তানা বোটানিক্যাল গার্ডেনের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়কালে টিটো র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়।
আশংকাজনক অবস্থায় টিটোকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব আরো দাবি করে, নিহত টিটোর বিরুদ্ধে দুইটি হত্যাসহ বেশ কয়েকািট মামলা রয়েছে।
পাবনায় নিহত সৈয়দ আলীর ক্ষেত্রেও র্যাব দাবি করে, ১৫ থেকে ২০ জনের একটি দলের ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র্যাব সদস্যরা রাত ১টার দিকে গয়েশপুরে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় ১৫ থেকে ২০ মিনিট গুলি বিনিময়কালে সৈয়দ আলী গুলিবিদ্ধ হয়।
আশংকাজনক অবস্থায় সৈয়দ আলীকে পাবনা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব আরো দাবি করে, নিহত সৈয়দ আলীর বিরুদ্ধে পাবনা থানায় পাঁচটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
