বরিশালের ১০ গুণী মেয়র পদক পেলেন
বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে রোববার এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশালের ১০ গুণী জনকে মেয়র পদক দেওয়া হয়েছে। এর মধ্যে আটজনই পেয়েছেন মরণোত্তর।
গুণীজনদের পক্ষে তাঁদের আত্মীয়রা এই পদক গ্রহণ করেন। সিটি কর্পোরেশনের মেয়র মজিবর রহমান সরোয়ার পদক প্রাপ্তদের ক্রেস্ট, সনদপত্র এবং জনপ্রতি ১০,০০০ টাকা প্রদান করেন।
পদক প্রাপ্তরা হলেন রাজনীতিতে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, আব্দুল ওহাব খান (মরণোত্তর), সাবেক স্পিকার আব্দুল জব্বার খান (মরণোত্তর), সাংবাদিকতায় তফাজ্জল হোসেন মানিক মিয়া (মরণোত্তর), সমাজসেবক অমৃত লাল দে (মরণোত্তর), সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা (মরণোত্তর), রাজনীতিবিদ বিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষ (মরণোত্তর), কবি বেগম সুফিয়া কামাল (মরণোত্তর), ক্রীড়াবিদ গজনবী এবং মুক্তিযুদ্ধে নুরুল ইসলাম মঞ্জু।
খুব শীঘ্রই এই গুণী ব্যক্তিদের নামে বরিশালের বিভিন্ন রাস্তার নামকরণ করা হবে ঘোষণা দেন মেয়র।
