খুলনায় র্যাবের ‘ক্রসফায়ারে’ ১ জন নিহত
নগরীর সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালের পেছনে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা পার্থ সাহা র্যাবের ‘ক্রসফায়ারে’ রোববার রাতে নিহত হয়েছে। এ সময় সন্ত্রাসীদের বোমা হামলায় র্যাবের দুই সদস্যও আহত হয়।
র্যাব জানায়, কেডিএ এলাকা থেকে পার্থ সাহাকে গ্রেফতার করার পর র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদে সে চাঁদাবাজি, হত্যা ও তার সহযোগীদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেয়। তার তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল তাকে নিয়ে অভিযানে বের হয়। র্যাব সদস্যরা সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালের পেছনে এলে সেখানে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে। এতে উভয় পক্ষে গুলি বিনিময় শুরু হয়ে যায়। এই ফাঁকে পার্থ পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে সে নিহত হয়।
