শ্রমিকদের বিরুদ্ধে অন্যায়ভাবে দায়ের করা সকল মামলা তুলে নেয়া হবে
ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) শ্রমিকদের বিরুদ্ধে অন্যায়ভাবে মালিক পক্ষের দায়ের করা সকল মামলা তুলে নেয়া হবে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) নির্বাহী চেয়ারম্যান আশরাফ ইউসুফ আবদুল্লাহ বৃহস্পতিবার ঢাকা ইপিজেডের বিভিন্ন প্রতিষ্ঠানের মানব সম্পদ কর্মকর্তা ও শ্রমিক প্রতিনিধিদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার স্বাগত বক্তব্যে এসব কথা বলেন।
তবে তিনি বলেন, কারখানায় ভাংচুরের সঙ্গে জড়িত কোন শ্রমিকের মামলা তুলে নেওয়া হবে না।
কর্মশালায় তিনি শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। এছাড়া তিনি অন্যায়ভাবে কোন মামলা করা হলে কিংবা অন্যান্য ক্ষেত্রে অভিযোগ থাকলে কর্তৃপক্ষের কাছে সরাসরি লিখিত আবেদন করার আহ্বান জানান।
বেপজা কর্মকতারা প্রথমবারের মত শ্রমিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আচরণ সম্পর্কে অবহিত করার জন্য এই কর্মশালার আয়োজন করলেন।
কর্মশালায় বেপজার সদস্য বিনিয়োগ উন্নয়ন মাসুদ আহমেদ, ডিইপিজেডের মহাব্যবস্থাপক এম আজিজুর রহমান এবং উপ- মহাব্যবস্থাপক খোরশেদ আলম বেপজা নির্দেশনা ১ ও ২ এবং ইপিজেড শ্রমিক সংঘ ও শিল্প সর্ম্পক আইন- ২০০৪ সম্পর্কে বক্তব্য রাখেন।
আশরাফ ইউসুফ বলেন, ‘আমরা গত দুই মাসে বেপজা নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে ইতোমধ্যে শ্রমিদের বেতনসহ পাওনা সুবিধা বেড়েছে’।
তিনি শ্রমিকদের সুষ্ঠভাবে কাজ করার পরামর্শ দিয়ে বলেন, অচিরেই বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিরাজমান অনেক সমস্যার সমাধান হবে।
অনুষ্ঠানে শ্রমিক প্রতিনিধিরা ইপিজেড এর কাউন্সিলারদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম সম্পর্কে অভিযোগ করেন।
মাসুদ আহমেদ বলেন, আইনের ভিত্তিতে মালিক ও শ্রমিক সম্পর্ক নির্ধারিত হলেও শুধুমাত্র আইন দিয়েই এ সম্পর্ক নির্ধারিত নয়।
ঢাকা রিয়া লিমিটেড এর নির্বাচিত শ্রমিক প্রতিনিধি ও কল্যাণ কমিটির সভাপতি হেমায়েত আলী বলেন, নির্বাচিত প্রতিনিধি হওয়ার পর শ্রমিকদের সঙ্গে কথা বলার কোন সময় বা সুযোগ দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, এ কর্মশালা থেকে শ্রমিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানানো হয়েছে, তা শ্রমিকদের জানানো কোন সময় বা সুযোগ দেওয়ার কোন বিধান নেই।
তিস্তা হাই ফ্যাশন শ্রমিক প্রতিনিধির সভাপতি নবাব বলেন, এ ধরনের সুযোগ আগে ছিল না, ফলে কোনভাবেই শ্রমিকদের বিভিন্ন অভিযোগ জানানোর সুযোগ ছিল না।
