রুয়েটে আগামীকাল বিশ্ববিদ্যালয় দিবস, বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তৃতীয় বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল শুক্রবার। ২০০৩ সালের এই দিনে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, রাজশাহী (বিআইটি) বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো, সকাল ৭ টায় বৃক্ষরোপন, ৯ টায় বর্ণাঢ্য র্যালি, বিকেলে কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং বিভিন্ন হলে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা। এ ছাড়া সন্ধ্যায় রুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে এক অনাড়ম্বর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
রুয়েট উপাচার্য প্রফেসর ড. এএফএম আনওয়ারুল হক এক প্রেস বার্তায় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটের সব শিক্ষক, কর্মকর্তা - কর্মচারী ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, ‘রুয়েটের আঞ্চলিক সমস্যাগুলো চিহ্নিত করে তা দূরীকরণের মাধ্যমে ভবিষ্যতে জাতীয় উন্নয়নে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারব। কেননা রুয়েটে রয়েছে দক্ষ প্রকৌশলী ও জনবল। তিনি এজন্য রাজশাহী মহানগর, স্থানীয় প্রশাসন, সকল শিক্ষানুরাগী ব্যক্তিবর্গসহ রুয়েটের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরকে সার্বিক সহায়তার আহবান জানান।
