২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ত্রাণ নিয়ে আসছে হাওয়াইভিত্তিক একটি সার্ফ প্রতিষ্ঠান

চট্রগ্রামের কক্সবাজার সমুদ্র সৈকতে ‘সেকেন্ড অ্যানুয়াল সার্ফিং এন্ড বডি বোর্ডিং কম্পিটিশন’র আয়োজন করছে হনলুলুভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘সার্ফিং দ্যা নেশনস’। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আয়োজিত এই সার্ফিং প্রতিযোগিতা থেকে প্রাপ্ত অর্থ বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠির কল্যাণে ব্যয় করা হবে বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 11:00 AM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এ বছর অক্টোবরের ১ তারিখ থেকে ১৮ তারিখের মধ্যে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার আয়োজন করবে চার সদস্য বিশিষ্ট সার্ফিং দ্যা নেশনস এর একটি দল।

সার্ফিং দ্যা নেশনস এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্ফিং-এ অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে পুরু®কৃত করা হবে।

কক্সবাজারের পার্শ্ববর্তী শরণার্থী শিবিরগুলোতে এই দলটি কাপড় এবং খেলনা বিতরণ করবে বলে জানা গেছে।

গত বছর সার্ফিং দ্যা নেশনস স্থানীয় সার্ফারদের জন্য সাতটি সার্ফবোর্ড এবং সাতটি বডিবোর্ড দান করেছিল।

এছাড়া, ‘বাংলাদেশ সার্ফ ক্লাব’ নামে একটি সার্ফ ক্যাম্পের উদ্বোধন করেছিল এই দলটি।

সার্ফিং দ্যা নেশনস বা এসটিএন বর্তমানে তাদের প্রতিযোগিতার আয়োজনে সার্ফ কোম্পানির কাছ থেকে স্পন্সরশীপ খুজঁছে।

কালহিভিত্তিক মন্ত্রণালয় ‘সেন্ড হোপ’র একটি বিভাগ হচ্ছে সার্ফিং দ্যা নেশনস। হাওয়াই ফুড ব্যাংকের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি সপ্তাহে প্রায় ১,৫০০ জনকে খাদ্য সরবরাহ করে থাকে। এছাড়া, ২৪ ঘন্টা খোলা থাকে এদের সংকটকালীন জরুরি খাদ্য বন্টনের ব্যবস্থা।